ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ফিজা আলি। একান্ত পারিবারিক পরিবেশে, আড়ম্বরহীন আয়োজনে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। তার স্বামীর নাম এজাজ খান।
বিয়ের খবরটি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী, সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী ও মেয়েকে নিয়ে তোলা একাধিক ছবি শেয়ার করে। ছবিগুলোতে ফিজাকে দেখা যায় সাদামাটা অথচ রুচিশীল সাজে, আর তার স্বামীর পোশাকেও ছিল মিলের ছোঁয়া।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফিজা লেখেন, জীবনের এই পর্যায়ে এসে তিনি এমন ভালোবাসা ও মানসিক শান্তি পেয়েছেন, যার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন। ৪১ বছর বয়সে নতুন করে জীবনসঙ্গী পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তবে এই নতুন যাত্রায় সবচেয়ে বড় সমর্থন পেয়েছেন নিজের মেয়ের কাছ থেকে। ফিজা জানান, তার ১১ বছর বয়সী কন্যা ফারাল অত্যন্ত আন্তরিকভাবে মায়ের সিদ্ধান্তকে গ্রহণ করেছে এবং আনন্দের সঙ্গে এই বিয়ের অংশ হয়েছে। মেয়েকে নিজের শক্তি ও জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন
উল্লেখ্য, ২০০৭ সালে ফাওয়াদ ফারুকের সঙ্গে প্রথম বিয়ে হয়েছিল ফিজার। দীর্ঘ এক দশক একসঙ্গে থাকার পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। সেই সংসারেই জন্ম নেয় কন্যা ফারাল।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা ফিজা আলি পরবর্তীতে অভিনয়, উপস্থাপনা, সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে ‘মেহেন্দি’ ধারাবাহিকের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এখন ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের পাশাপাশি পেশাগত জীবনেও আবার সক্রিয় থাকার ইঙ্গিত দিয়েছেন এই বহুমুখী প্রতিভাধর তারকা।
এএডি/