নতুন কাজ দিয়ে আবারও মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী সারিকা সাবরিন। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘হেডলাইন’। সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজে নজর কেড়েছেন সারিকা। সাংবাদিকতা, সত্য অনুসন্ধানে লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত এই সিরিজে দোলন চরিত্রে অভিনয় করেছেন তিনি।
যিনি আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল একজন নারী ও সাংবাদিকের স্ত্রী। ঘটনাচক্রে তিনি এমন একটি বড় রহস্যের সঙ্গে জড়িয়ে পড়েন, যা তার জীবন পুরোপুরি বদলে দেয়। এরপর একের পর এক ঘটনার মধ্য দিয়ে তাকে কঠিন সব পরিস্থিতির মুখোমুখি হতে হয়। নিজের বিশ্বাস ও মূল্যবোধের জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন।
চরিত্রটি প্রসঙ্গে সারিকা বলেন, আমি মনে করি, বর্তমান সময়ের অনেক নারী দোলনের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন। কারণ জীবনের নানা সংকটের মধ্যেও কীভাবে শক্ত থেকে সামনে এগিয়ে যেতে হয়, দোলন সেই গল্পই বলে।
হেডলাইন মুক্তির পর প্রশংসায় ভাসছেন সারিকা। দর্শকদের পাশাপাশি সহকর্মী, বন্ধু এবং পরিচিতরা প্রশংসা করেছেন। গল্প, নির্মাণ এবং চরিত্র নিয়ে তারা ইতিবাচক মন্তব্য করেছেন বলে জানান অভিনেত্রী।
চাহিদা থাকলেও অভিনয়ে নিয়মিত নন সারিকা। এর ব্যাখ্যায় তিনি জানান, কাজ করতে আগ্রহী হলেও ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের প্রস্তাব খুব কম আসে। প্রায় দেড় যুগের ক্যারিয়ারের অভিজ্ঞতায় এখন তিনি বেছে বেছে কাজ করতে চান বলে জানান। সারিকা বলেন, আমি তো কাজ করতে চাই। তবে ভালো কাজ আমার কাছে কম আসে। একই ধরনের গল্প ও চিত্রনাট্যের পুনরাবৃত্তির নিয়ে কাজ করতে চাই না। একটা ভালো গল্প, দারুণ চরিত্র আর গুণী নির্মাতা নিয়ে আসেন, আমি কাজটি করব। কখনোই ফিরিয়ে দেব না।
মানসম্মত গল্পেই কেবল যুক্ত হচ্ছেন সারিকা। নতুন কাজের বিষয়ে তিনি বলেন, আমি সবসময় চেষ্টা করি সংখ্যার চেয়ে ভালো গল্প এবং চরিত্র গুরুত্ব দিতে। সেই ধারাবাহিকতায় কয়েকটি নতুন প্রকল্প নিয়ে আলোচনা চলছে। এখনই খুব বেশি কিছু বলতে চাই না। কারণ কোনো কাজের আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগে সেটি নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। সবকিছু চূড়ান্ত হলে অবশ্যই দর্শকদের জানাব।
এদিকে পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের ওয়েব সিরিজ ‘অ্যানি’তে অভিনয়ে করেছেন সারিকা। এটি নিয়েও আশাবাদী সারিকা। সিরিজটি ইতিমধ্যে জার্মানির কোলনে বিশ্ব প্রিমিয়ার হয়েছে। তবে কবে এটি মুক্তি পাবে, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত তথ্য নেই তার কাছে।
২০০৮ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পদার্পণ সারিকার। আশুতোষ সুজন পরিচালিত ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে কর্মজীবন শুরু তার। প্রথমবারের মতো বিজ্ঞাপনে কাজ করেন অমিতাভ রেজা চৌধুরীর অ্যারোমেটিক বিউটি সোপের বিজ্ঞাপনে। এরপর অনেক বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান।
সময়ের আলো/এসএকে