মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশ পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে আগামী দিনগুলোতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি মনে করেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে উন্নয়ন ও জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়েই এগোতে হবে।
আরও পড়ুন
এ সময় তিনি স্বাধীনতার ইতিহাসের প্রসঙ্গ তুলে ধরে জিয়াউর রহমানের ভূমিকার কথা উল্লেখ করেন এবং বলেন, তার ঘোষণাই জাতিকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিল। এছাড়া বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতা দিবসের এই সময়ে তাঁর অনুপস্থিতি দলের জন্য বেদনাদায়ক।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশ একটি ভিন্ন পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন করছে, যা ভবিষ্যৎ পথচলার জন্য ইতিবাচক বলে মনে করেন তিনি।
এএডি/