দিনাজপুর, বরিশাল, ঝিনাইদহ ও বগুড়া জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বিস্তারিত জানিয়েছেন দৈনিক সময়ের আলোর প্রতিনিধিরা।
দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় বাসচালকের সহকারীসহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন।
রোববার ভোর ৬টার দিকে বিরামপুর উপজেলার চণ্ডিপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন (৫৭) মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে। অপরজন রাজিউল ইসলাম (২৫) দিনাজপুরের কাহারোল উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, আজ (রোববার) সকালে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত ও ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও বালুবোঝাই ট্রাক জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একই পরিবারের দুই সদস্যসহ মোট তিনজন।
রোববার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার বাটাজোর বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নারী ইতি (৩৫) বরিশাল মহানগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা। আহতরা হয়েছেন নিহতের মেয়ে উপমা চক্রবর্তী (১৬), স্বামী গুরুদাস চক্রবর্তী (৬০) এবং অপর এক যাত্রী পবিত্র মজুমদার (৫০)।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ওসি জানান, বরগুনাগামী গ্রীনভিউ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বাটাজোর বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের ডান পাশের খাদে পড়ে যায়। এ সময় ওই বাসে থাকা যাত্রীদের মধ্যে চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক ইতিকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই গৌরনদী ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করেছেন।
ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাটাডাঙা গ্রামে সড়ক পার হতে গিয়ে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর ধাক্কায় মরিয়ম খাতুন মারিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার ভাটাডাঙা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, সড়কে অবৈধ ও বেপরোয়া যান চলাচল রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন থাকার পাশাপাশি চালকদেরও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মারিয়া বাড়ি থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় হঠাৎ দ্রুতগতিতে আসা একটি অবৈধ আলমসাধু তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া : বগুড়ার আদমদীঘিতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (৪) নামের এক শিশু কন্যা নিহত হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার চাঁপাপুর-কুন্দগ্রাম আঞ্চলিক সড়কের আড়াইল বাজারে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।
এফআর