টানা তিন কার্যদিবস দরপতনের পর অবশেষে বড় উত্থানের দেখা মিলেছে দেশের শেয়ারবাজারে। বুধবার (১ এপ্রিল) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় লাফের পাশাপাশি লেনদেনেও চাঙ্গাভাব ফিরেছে।
এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ ৭০০ কোটি টাকার ঘর ছাড়িয়ে গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে লেনদেন শুরু হয়। ফলে লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয় এবং লেনদেনের শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে।
এদিন লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৩৯টির এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৫ পয়েন্টে অবস্থান করছে। বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১ পয়েন্টে উঠে এসেছে।
সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়ে সাতশ কোটি টাকা ছাড়িয়েছে।
বাজারটিতে লেনদেন হয়েছে ৭১৯ কোটি ৮৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৮৫ কোটি ৬০ লাখ টাকা। সেই হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৩৪ কোটি ২৩ লাখ টাকা।
অপরদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২০০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে, বিপরীতে দাম কমেছে ৪৩টির এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
সিএসইতে আজ লেনদেন হয়েছে ৪২ কোটি ৫১ লাখ টাকা।
এফআর