মাঠের খেলায় গোল না থাকলেও গ্যালারির আচরণই শেষ পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে স্পেন-মিশর প্রীতি ম্যাচে। ইসলামবিদ্বেষী স্লোগান ঘিরে বিতর্কের পর স্পেনের তরুণ তারকা ফুটবলার লামিন ইয়ামাল সরাসরি অবস্থান জানিয়ে দিয়েছেন- ফুটবল কখনোই ঘৃণা ছড়ানোর মঞ্চ হতে পারে না।
বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ চলাকালীন গ্যালারির একটি অংশ থেকে ধর্মীয় পরিচয়কে লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান দেওয়া হয়। বিশেষ করে ‘লাফ না দিলে মুসলিম’ ধরনের মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট ভাষায় নিজের অবস্থান তুলে ধরেন। তিনি লেখেন, “আমি মুসলিম, আলহামদুলিল্লাহ,” এবং এমন স্লোগানকে ‘অসম্মানজনক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন।
আরও পড়ুন
তার মতে, ফুটবল এমন একটি জায়গা যেখানে ভিন্নতা উদযাপন করা উচিত- ধর্ম বা পরিচয় নিয়ে উপহাস নয়। এই মন্তব্যের মাধ্যমে তিনি শুধু ব্যক্তিগত অবস্থানই জানাননি, বরং বৃহত্তর একটি সামাজিক বার্তাও দিয়েছেন।
ইয়ামালের এই অবস্থানের পর ফুটবল বিশ্ব থেকেও এসেছে সংহতি। ফরাসি মিডফিল্ডার পল পগবা মন্তব্যে ‘আলহামদুলিল্লাহ’ লিখে সমর্থন জানান। তার ক্লাব এফসি বার্সেলোনাসহ সতীর্থরাও পাশে দাঁড়ান।
ম্যাচটি গোলশূন্য ড্র হলেও প্রথমার্ধ থেকেই গ্যালারিতে উত্তেজনা লক্ষ্য করা যায়। মিশরের জাতীয় সংগীত চলাকালে শিস দেওয়া, খেলোয়াড়দের ধর্মীয় উদযাপনকে ঘিরে কটূক্তি-সব মিলিয়ে পরিস্থিতি বিব্রতকর হয়ে ওঠে।
বিরতির সময় স্টেডিয়াম কর্তৃপক্ষ সতর্কবার্তা দিলেও তা পুরোপুরি কার্যকর হয়নি। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কাতালোনিয়ার ক্রীড়ামন্ত্রী বার্নি আলভারেজ। তিনি বলেন, এ ধরনের আচরণ শুধু খেলাধুলার চেতনার পরিপন্থী নয়, বরং সামাজিক সম্প্রীতির জন্যও হুমকিস্বরূপ।
এএডি/