ক্যারিয়ারের ব্যস্ত সময় হঠাৎ করেই তুমুল বিতর্কের মুখে পড়েছেন ‘সাইয়ারা’ খ্যাত অভিনেত্রী অনীত পাড্ডা। মূলত এক মার্কিন রাজনীতিককে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করা এবং তার বোনের করা এক মন্তব্য ঘিরে এই বিতর্কের সূত্রপাত।
বলিউডের উদীয়মান তারকা অনীত পাড্ডা অভিনয়দক্ষতা দিয়ে খুব অল্প সময়েই দর্শকদের মন জয় করেছিলেন কিন্তু তিনি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের সমালোচনার শিকার।
ঘটনার শুরু হয়, যখন নেটিজেনরা লক্ষ করেন অনীত মার্কিন রাজনৈতিক বিশ্লেষক হাসান পিকারকে অনুসরণ করছিলেন। পরবর্তী সময়ে তার একটি পুরোনো মন্তব্য সামনে আসে, যেখানে তিনি নাকি ভারতকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ বলে উল্লেখ করেছিলেন এমন দাবি ঘিরেই ক্ষোভ ছড়িয়ে পড়ে।
হাসান পিকার আন্তর্জাতিক মহলে অত্যন্ত বিতর্কিত একজন ব্যক্তিত্ব। অভিযোগ রয়েছে যে, তিনি বিভিন্ন সময় ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন এবং একপর্যায়ে ভারতকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছিলেন। একজন ভারতীয় সেনসেশন হিসেবে এমন ব্যক্তিকে অনুসরণ করা কতটা দায়িত্বশীলতার কাজ? কেন এমন ব্যক্তিকে অনুসরণ করবেন অনীত? এমন প্রশ্নেই উত্তাল হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। যদিও পরে জানা যায়, অনীত পাড্ডা তাকে আনফলো করেছেন কিন্তু ততক্ষণে বিতর্ক বেশ বড় আকার ধারণ করে।
এদিকে নতুন করে আগুনে ঘি ঢালে অনীতের বোন রীত পাড্ডার কিছু পুরোনো মন্তব্য। তিনি ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘দ্য কেরালা স্টোরি’ ও ‘ধুরন্ধর’ সিনেমাগুলো নিয়ে বিরূপ মন্তব্য করেন।
রীতের দাবি ছিল, এই সিনেমাগুলো একটি বিশেষ রাজনৈতিক বয়ান তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া তিনি প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়েও মন্তব্য করেছিলেন। রীতের এই রাজনৈতিক অবস্থানকে অনীতের ব্যক্তিগত চিন্তাধারার সঙ্গে মিলিয়ে ফেলছেন অনেকে, যদিও অনীত নিজে সরাসরি এমন কোনো মন্তব্য করেননি।
এই বিষয়ে অনীত বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, তার বোন ইতিমধ্যে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রাইভেট করে দিয়েছেন।
উল্লেখ্য, বর্তমানে নির্মাতা আদিত্য সরপোতদারের পরিচালিত ‘শক্তি শালিনী’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অনীত। এই সিনেমা আরও অভিনয় করছেন রণদীপ হুদা, বিশাল জেঠওয়াসহ আরও অনেকে। সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরের ২৪ তারিখ মুক্তির সম্ভাবনা রয়েছে।
সময়ের আলো/কেএইচও