ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের কারণে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। সম্প্রতি তার শেয়ার করা কয়েকটি ছবি ঘিরে ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই ধারণা করছেন, অভিনেত্রীর জীবনে হয়তো নতুন কোনো বিশেষ মানুষের আগমন ঘটেছে।
বর্তমানে অবকাশ যাপনের জন্য নেপালে অবস্থান করছেন প্রভা। পাহাড়, মেঘ আর প্রকৃতির সৌন্দর্যে ঘেরা বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখার মুহূর্তগুলো তিনি নিয়মিত সামাজিক মাধ্যমে শেয়ার করছেন। তবে সাম্প্রতিক একটি ছবি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের।
ছবিতে দেখা যায়, হাতে একটি বেলুন নিয়ে হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। বেলুনটিতে লেখা ছিল ‘আই লাভ ইউ’। এই একটি বাক্যই সামাজিক মাধ্যমে নানা ব্যাখ্যা ও জল্পনার জন্ম দিয়েছে। অনেক অনুসারী মনে করছেন, এটি হয়তো অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের কোনো নতুন অধ্যায়ের ইঙ্গিত।
আরও পড়ুন
শুধু এই ছবিই নয়, সম্প্রতি প্রকাশিত আরেকটি পোস্টেও রহস্যের আবহ তৈরি হয়েছে। সেখানে একটি টেবিলে দুটি খাবারের প্লেট দেখা গেলেও ছবিতে উপস্থিত ছিলেন শুধু প্রভা। অপর ব্যক্তি কে, তা প্রকাশ করা হয়নি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘লাঞ্চ করেছেন?’- সংক্ষিপ্ত এই প্রশ্নও ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
তবে এসব জল্পনা-কল্পনার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি প্রভা। ফলে বিষয়টি নিয়ে নিশ্চিত কিছু জানা না গেলেও সামাজিক মাধ্যমে আলোচনা থামছে না।
উল্লেখ্য, অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের কারণেও একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন প্রভা। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে তার বিয়ে হয়েছিল। পরবর্তীতে সেই সংসারের ইতি ঘটে। এরপর ২০১৪ সালে মাহমুদ শান্তর সঙ্গে তার দ্বিতীয় বিবাহও বিচ্ছেদে শেষ হয়।
এএডি/