বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও দৃঢ় করল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। একের পর এক আন্তর্জাতিক সাফল্যের ধারাবাহিকতায় এবার যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘সাউথ বাই সাউথওয়েস্ট লন্ডন উৎসব’-এ সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ছবিটি।
গত বছর কান চলচ্চিত্র উৎসবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে নির্মাতা আদনান আল রাজীবের ‘আলী’। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবটির স্বর্ণপাম বিভাগের প্রতিযোগিতায় জায়গা করে নেয়। শুধু অংশগ্রহণই নয়, ছবিটি সেখানে বিশেষ সম্মাননা বা ‘স্পেশাল মেনশন’ অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়ায়।
সেই সাফল্যের পথ ধরে এবার লন্ডনেও নতুন অর্জন যোগ হলো ছবিটির ঝুলিতে। উৎসব কর্তৃপক্ষ পুরস্কার ঘোষণা করে জানায়, উপকূলীয় জনপদের এক কিশোরের স্বপ্ন, সমাজের বিধিনিষেধ এবং নারীদের গান গাওয়ার ওপর নিষেধাজ্ঞার মতো সংবেদনশীল বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত গল্পটি বিচারকদের মুগ্ধ করেছে।
আরও পড়ুন
পুরস্কারের অংশ হিসেবে নির্মাতা আদনান আল রাজীব তার পরবর্তী চলচ্চিত্র প্রকল্পের জন্য ১০ হাজার মার্কিন ডলার সমমূল্যের পোস্ট-প্রোডাকশন সুবিধা পাবেন। এটি ভবিষ্যৎ নির্মাণকাজে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।
ছবিটি নিয়ে উৎসবের জুরি বোর্ডের সদস্যরা বলেন, একজন নির্মাতার প্রথম চলচ্চিত্র থেকেই এত পরিণত গল্প বলার ধরণ ও নির্মাণশৈলী সত্যিই বিস্ময়কর। চলচ্চিত্রটি নতুন ভাষা ও ভিন্ন দৃষ্টিভঙ্গির মাধ্যমে দর্শকদের সামনে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বাস্তবতা তুলে ধরেছে।
পুরস্কার জয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আনন্দ প্রকাশ করেছেন নির্মাতা আদনান আল রাজীব। তিনি উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আলী’ আবারও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল, যা পুরো দলের জন্য অত্যন্ত আনন্দের।
চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্র ‘আলী’-তে অভিনয় করেছেন আল আমিন। তার অভিনয়ও বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনীতে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
এএডি/