শক্তিশালী ভূমিকম্পে বড়সড় বিপর্যয় ঘটে গেছে আফগানিস্তানে। বেশ কিছু দিন ধরেই হিন্দুকুশ পর্বতাঞ্চল ভূমিকম্প প্রবণ। শুক্রবার (৩ এপ্রিল) কাবুলে গত বছরের বিধ্বংসী ভূমিকম্পের পর আবার একটি বাড়ি ধসে পড়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে এক শিশু।
সেই কম্পনের অভিঘাতে কেঁপে উঠেছে উত্তর ভারতের দিল্লির মাটি।
আফগানিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সূত্রে জানা যায়, ভূমিকম্পের জেরে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে।
উদ্ধারকাজ চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
জার্মানির জিওফিজিক্যাল রিসার্চ সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসাইন্সেস জানিয়েছে, শুক্রবার আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১৭৭ কিলোমিটার, ফলে বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়।
এই কম্পনের প্রভাব শুধু আফগানিস্তানেই সীমাবদ্ধ ছিল না। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, আফগানিস্তানের কাবুল এবং ভারতের রাজধানী নয়াদিল্লিতেও কম্পন অনুভূত হয়।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে নিউজ এজেন্সি রয়টার্স।
আফগানিস্তান প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি দেশ। দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে প্রায়শই ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ ঘটে। কাবুলিওয়ালার দেশ এর আগেও পরপর কতগুলি ভূমিকম্পে তীব্র ক্ষতির শিকার হয়।
পরিসংখ্যানে বলা হয়, প্রতি বছর গড়ে প্রায় ৫৬০ জন মানুষের মৃত্যু হয় ভূমিকম্পের জেরে।
প্রসঙ্গত, গত নভেম্বর মাসেও আফগানিস্তানে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছিল এবং শতাধিক বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল।
বর্তমান পরিস্থিতিতে প্রশাসন সতর্ক রয়েছে এবং স্থানীয়দের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা যায়।
সময়ের আলো/আরবিএন