ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব ২০ শিরোপা জিতেছে বাংলাদেশ। শুক্রবার রাতে মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হয়। ট্রফি জয়ী দল এখন মালদ্বীপের বিমানবন্দরে অবস্থান করছে। আসরে চ্যাম্পিয়ন ট্রফি জেতার পাশাপাশি বাংলাদেশের মাহিন সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন।
মাহিনসহ আরও অনেক বিষয়ে বাংলাদেশের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্যের সঙ্গে সময়ের আলোর কথা হয়। মোবাইল ফোনে তিনি বলেন, ‘মাহিন বলতে গেলে আমার হাতে গড়া। ও খুব টেলেন্টেড গোলকিপার। আর কিছু কাজ তাকে করতে হবে, সেটা ফুলফিল হলে সে এক সময় দেশের সেরা গোলকিপার হবে এটা আমার বিশ্বাস। ২০২১ থেকে ২০২৩ এই দুই বছর ও আমার তত্ত্বাবধানে ছিল। অনূর্ধ্ব ১৬ টিমে থাকাকালীনও আমি তাকে ট্রেনিং করিয়েছি।’
সাফ শিরোপা জয়ের অনুভূতি জানিয়ে বিপ্লব বলেন, ‘সাফের এই জার্নিটা ছিল সত্যিই অসাধারণ। আমরা ঈদের দিন দেশ ছেড়ে মালদ্বীপে এসেছি। আমরা কেউ ঈদ করতে পারিনি। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফেরার। আমরা এখন ট্রফি নিয়ে মালদ্বীপের এয়ারপোর্টে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে দেশে ফিরতে পারি।’
গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্যকে মালদ্বীপের দর্শকদের কাছে দুয়ো শুনতে হয়েছিল। গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ম্যাচে তাকে দালাল, সিন্ডিকেটের সদস্য বলে গালমন্দ করা হয়েছিল। সেই দর্শকরাই গতকাল ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জেতার বিপ্লবকে সরি বলেছেন। দর্শক- সমর্থকদের গালমন্দকে স্বাভাবিক ঘটনাই বলছেন বাংলাদেশের গোলরক্ষক কোচ এবং তাদেরকে খেলার প্রাণ বলেও মন্তব্য করেন বিপ্লব।
সময়ের আলো/কেএইচও