রাজধানীর বনশ্রীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় সাজেদুল ইসলাম (৪৮) নামে এক বাইক চালক নিহত হয়েছেন।
শনিবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে দক্ষিণ বনশ্রী সিঙ্গার শোরুমের সামনের রাস্তায় ঘটনাটি ঘটে।
নিহত সাজেদুল ইসলাম দক্ষিণ বনশ্রী ওমর আলী লেনের আব্দুল লতিফের ছেলে।
পুলিশ জানায়, শনিবার সকাল ৯টার দিকে সাজেদুল স্কুটি মোটরসাইকেল চালিয়ে ওমর আলী লেনের বাসার ফিরছিলেন। পথে দক্ষিণ বনশ্রী ইউনিটি হাসপাতাল সংলগ্ন সিঙ্গার শো-রুমের সামনে পাকা রাস্তায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি তার বাইকের পেছনে ধাক্কা দেয়। এতে সাজেদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত জনতা ময়লার গাড়ির চালককে গণধোলাই দেয়। এরপর চালককে উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশিকুর রহান বলেন, ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।
এফআর