কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম নয়ন (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার নাজিম খাঁন ইউনিয়নের সোমনারায়ণ পলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল ইসলাম নয়ন ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় আব্দুল হাকিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম নয়ন সেচ পাম্পের মাধ্যমে জমিতে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তিনি গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করেন, তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
সময়ের আলো/জোই