প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৪:৪০ এএম আপডেট: ০৫.০৪.২০২৬ ৫:৩০ এএম
বেলাল খান ও আঁখি আলমগীর। ছবি : সময়ের আলো পহেলা বৈশাখ উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। আজ ৫ এপ্রিল প্রকাশ পাচ্ছে তার নতুন মৌলিক গান ‘আমি মানে তুমি’। প্লাবন কোরেশির কথায় গানটিতে তার সহশিল্পী ও সুরকার বেলাল খান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
গানটি নিয়ে আঁখি আলমগীর বলেন, ‘গানের কথা ও সুর সব মিলিয়ে খুব সুন্দর একটি গান হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে আমার ‘আমি মানে তুমি’ গানটি প্রকাশ হচ্ছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
এদিকে দীর্ঘ দুই দশকের বিরতি কাটিয়ে আবারও জাপানে স্টেজ শো করতে যাচ্ছেন আঁখি আলমগীর। ১২ এপ্রিল জাপানের সাইতামা প্রিফেকচারের মিশাতো সিটির ‘লিতপিয়া পার্ক’-এ আয়োজিত ‘বৈশাখী মেলা ২০২৬’-এ প্রধান আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করবেন তিনি। জাপানে বসবাসরত নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরা এবং প্রবাসীদের মাঝে সৌহার্দ বৃদ্ধি করাই এই মেলার মূল লক্ষ্য।
সবশেষ ২০০২ সালে একঝাঁক তারকা শিল্পীর সঙ্গে জাপান সফরে গিয়েছিলেন আঁখি। দীর্ঘ ২৪ বছর পর এবারের সফরে তিনি নিজের মিউজিশিয়ান টিম নিয়ে লিড পারফর্মার হিসেবে যোগ দিচ্ছেন। ৮ এপ্রিল ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।
আঁখি আলমগীরই দেশের একমাত্র শিল্পী যিনি শৈশবে অভিনয় এবং বড় হয়ে গান গেয়ে উভয় ক্ষেত্রেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।
অন্যদিকে মৌলিক গানের পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন বেলাল খান। দেশ ও দেশের বাইরে নিয়মিত শো করছেন তিনি।
সময়ের আলো/আআ