সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের লড়াই শেষ হতে না হতেই নতুন করে আলোচনায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ভবিষ্যৎ। ২০২২ সাল থেকে লাল-সবুজ ডেরার দায়িত্ব সামলানো এই স্প্যানিশ কোচের বিদায়ঘণ্টা বাজবে নাকি আরও একবার সুযোগ পাবেন, তা নিয়ে দেশের ফুটবল অঙ্গনে এখন বেশ জল্পনা-কল্পনা চলছে।
গতকাল বাফুফে ভবনে ন্যাশনাল টিমস কমিটির গুরুত্বপূর্ণ এক সভা হয়। সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, জাতীয় দলের জন্য নতুন কোচের সন্ধান শুরু করেছে ফেডারেশন। অর্থাৎ ডাগআউটে নতুন মুখ দেখার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
সভা শেষে বাবু বলেন, ‘আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ ক্যাবরেরার চুক্তি আছে এপ্রিল মাসের ৩০ তারিখ পর্যন্ত। যার পরিপ্রেক্ষিতে এখন থেকেই আমরা নতুন কোচের সন্ধান আমরা নেমেছি। আমরা এখন থেকেই আমরা চেষ্টা করছি।’
গত চার বছর ধরে ক্যাবরেরার অধীনে বাংলাদেশের প্রাপ্তি ও অপ্রাপ্তির খাতাটা বেশ অম্ল-মধুর। ৩৯টি ম্যাচে কোচের দায়িত্ব পালন করলেও জয়ের দেখা মিলেছে মাত্র ১০টিতে। যার অধিকাংশ জয়ই এসেছে ফিফা র্যাঙ্কিংয়ে তুলনামূলক নিচের সারির দলগুলোর বিপক্ষে। তবে সবশেষ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে পাওয়া জয়টিই ক্যাবরেরার কোচিং ক্যারিয়ারে বড় এক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
অবশ্য নতুন কোচের সন্ধানে থাকলেও এখনই ক্যাবরেরার জন্য বাফুফের দরজা একদম বন্ধ হয়ে যায়নি। মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘প্রয়োজনের পরিপ্রেক্ষিতে ক্যাবরেরাও সাক্ষাৎকার দিতে পারবেন। এর পরিপ্রেক্ষিতে আমাদের ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি, আমাদের সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে কমিটিতে যারা থাকবেন, তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তী কোচ কে হবেন? এখন পর্যন্ত যেহেতু আমাদের এই ৩০ তারিখ পর্যন্ত ক্যাবরেরার সঙ্গে চুক্তি রয়েছে, অতএব সে এখন পর্যন্ত আমাদের আছে। এখন থেকে যে কোচের ইন্টারভিউ আমরা নেব, তার ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেব আমরা।’
সভায় জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে অনূর্ধ্ব-২৩ দল নিয়েও আলোচনা করা হয়। দীর্ঘমেয়াদি পরিকল্পনার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে এখন থেকেই অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত এই দলটিকে দেশের ফুটবলের ভবিষ্যৎ শক্তিশালী পাইপলাইন হিসেবে গড়ে তোলাই বাফুফের প্রধান লক্ষ্য।
বাবু বলেন, ‘আগামী জুনে যে ফিফা উইন্ডো আছে, সেখানে বাংলাদেশ খেলার চেষ্টা করছে। সেটার জন্য আমরা এখন থেকেই অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল গঠন করার প্রস্তুতি নিচ্ছি। সবচেয়ে বড় কথা হলো, এই দলটা সর্বক্ষণিক প্র্যাকটিসে থাকবে।’
সময়ের আলো/আআ