গাজীপুরের টঙ্গীর মিলগেট কলাবাগান বস্তিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করেছে।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। বস্তির ঘরগুলো মূলত কাঠ, বাঁশ এবং টিন দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।
আগুনের খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু আগুনের তীব্রতা, পানির স্বল্পতা এবং বাতাসের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। এতে পরবর্তীতে আরও ৩টি ইউনিট তাদের সঙ্গে আশপাশের ফায়ার স্টেশনগুলো থেকে যোগ দিতে আসে। পরে আগুন নিয়ন্ত্রণ হয়ে গেলে, তাদের কার্যক্রম আর চালু করতে হয়নি।
ফায়ার সার্ভিস কর্মকর্তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, বস্তির কোনো একটি ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনো নির্দিষ্ট কোনো কারণ নিশ্চিত করা যায়নি।
আগুনে ইতোমধ্যে প্রায় অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। নিম্নবিত্ত মানুষের শেষ সম্বলটুকু হারিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং হুড়োহুড়িতে কয়েকজন সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় স্বেচ্ছাসেবক এবং এলাকাবাসী ফায়ার সার্ভিসকে পানি সরবরাহ ও মালামাল সরাতে সহযোগিতা করছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (জোন ৩) উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আগুন যাতে পাশের এলাকায় ছড়িয়ে না পড়ে। সরু রাস্তা এবং পানির উৎসের অভাব থাকায় কাজ করতে কিছুটা সমস্যা হয়েছে তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বস্তিবাসী জানান, কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল। পরনের কাপড় ছাড়া আর কিছুই বের করতে পারিনি।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের সদস্যরা ডাম্পিংয়ের কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এফআর