কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দণ্ডপ্রাপ্ত ও অভিযুক্ত শিক্ষকদের পুনরায় বিদ্যালয়ে সংযুক্ত করার উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কলেজমোড় সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।
জানা গেছে, ২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ ৬ জন শিক্ষক ও কর্মচারী সাময়িকভাবে বরখাস্ত হন। সম্প্রতি তাদের পুনরায় বিদ্যালয়ে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
প্রতিবাদে সোমবার আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের পুনর্বহাল করা হলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তাই তাদের পুনর্বহাল না করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
জানতে চাইলে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। আদালত থেকে চূড়ান্ত কোনো রায় না আসা পর্যন্ত কাউকে পুনর্বহাল করার এখতিয়ার কারও নেই।
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিফুল ইসলাম জানান, প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত শিক্ষকদের পুনর্বহাল করা ম্যানেজিং কমিটির এখতিয়ার। তবে আমার জানা মতে, ওই ঘটনায় মামলা রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুনর্বহাল করার সুযোগ নেই।
এফআর