প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৬ এএম
বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। ছবি : সংগৃহীতঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। ভোট দেওয়ার আগে শহরের সেনুয়া পুরাতন গোরস্তানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোট দেন বিএনপির এই প্রার্থী।ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত এ আসনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। আসনটিতে মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে।
উপজেলাভিত্তিক কেন্দ্রের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও সদর উপজেলার ১১৩টি কেন্দ্রের মধ্যে ৭০টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ৪৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। রুহিয়া উপজেলার ৩৩টি কেন্দ্রের মধ্যে ২০টি অধিক ঝুঁকিপূর্ণ ও ১৩টি ঝুঁকিপূর্ণ। অন্যদিকে, ভূল্লী উপজেলার ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৫টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ১৪টি ঝুঁকিপূর্ণ।
জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমিন ধানের শীষ, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. খাদেমুল ইসলাম হাতপাখা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী বটগাছ এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৫, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ভোটগ্রহণ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
সময়ের আলো/জোই