প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:০৩ এএম
ট্রাক থামিয়ে ইয়াবা সরানো অভিযোগ। ছবি : সময়ের আলোমোটরসাইকেল দিয়ে পথ আটকে একটি ট্রাক থামিয়ে তা থেকে ৩০ হাজার ইয়াবা সরানোর ঘটনায় সময়ের আলোতে সংবাদ প্রকাশের পর সাতকানিয়া থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিনজনকে প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সংবাদ প্রকাশের পর রাতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে ‘প্রশাসনিক কারণে’ তাদের প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, এসআই এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শনিবার (২৪ অক্টোবর) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের এম চর হাটের পূর্ব পাশে সড়কে মোটরসাইকেল রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এতে মিনিট্রাকটি থামতে বাধ্য হয়।
ট্রাকচালক নাছিরের অভিযোগ, পুলিশের কথিত দুই সোর্স রবিন ও মোমেনের সহযোগিতায় পুলিশ সদস্যরা ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নেন। এরপর সেটি নিয়ে যাওয়া হয় সাতকানিয়ার কেরানীহাট রেলক্রসিং-সংলগ্ন একটি এলপিজি স্টেশনে। সেখানে চালকের আসনের নিচে বিশেষভাবে তৈরি গোপন খোপে রাখা তিনটি পোঁটলা থেকে ৩০ হাজার ইয়াবা সরিয়ে নেওয়া হয়।
নাছিরের দাবি, ইয়াবা সরানোর সময় তাকে হাতকড়া পরিয়ে অন্য একটি গাড়িতে আটকে রাখা হয়েছিল। পরে ট্রাকের সিসিটিভি ক্যামেরার মেমোরি কার্ডও ফরম্যাট করে দেওয়া হয়। এসআই মাহবুবুল ইসলাম তাঁকে মারধর ও জিজ্ঞাসাবাদ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
সময়ের আলো/জোই