প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৩১ এএম
রোপা আমন চাষ। ছবি : সময়ের আলোচলতি মৌসুমে অনুকূল আবহাওয়া, কৃষকদের আগ্রহ এবং সরকারের সময়োপযোগী কৃষি প্রণোদনার ফলে নড়াইল জেলায় রোপা আমন ধানের চাষাবাদ লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। জেলার তিন উপজেলায় এবার মোট ৪৩ হাজার ৬৭৫ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ২১০ হেক্টর বেশি। এই আবাদকৃত জমি থেকে ১ লাখ ৩৭ হাজার ৭৯১ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার তিন উপজেলায় মোট ৪৩ হাজার ৪৬৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে মাঠপর্যায়ে কৃষি বিভাগের নিবিড় তদারকি, তৎপরতা এবং কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে অতিরিক্ত জমিতে আমন আবাদ অর্জিত হয়েছে।
উপজেলাওয়ারি তথ্যে জানা যায়, নড়াইল সদর উপজেলায় ২০ হাজার ১৪০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে চাষ হয়েছে ২০ হাজার ১৬৩ হেক্টর জমিতে। লোহাগড়া উপজেলায় ১১ হাজার ২৬৫ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে চাষ হয়েছে ১১ হাজার ৪৫০ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ১২ হাজার ৬০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে চাষ হয়েছে ১২ হাজার ৬২ হেক্টর জমিতে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর নড়াইল জেলা কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিপু মজুমদার জানান, তিন উপজেলাতেই কৃষকরা অত্যন্ত উৎসাহের সঙ্গে রোপা আমন চাষে অংশ নিয়েছেন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জিত হয়েছে।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক (ডিডি) মুহাম্মদ আরিফুর রহমান বলেন, সরকারের পক্ষ থেকে কৃষকদের বিনামূল্যে বিভিন্ন কৃষি প্রণোদনা দেওয়ায় প্রতিবছর রোপা আমন চাষাবাদে তাদের আগ্রহ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। খেত থেকে পাকা ধান কেটে ঘরে তোলা পর্যন্ত যদি আবহাওয়া এভাবেই অনুকূলে থাকে, তবে চলতি মৌসুমে নড়াইল জেলায় আমনের বাম্পার ফলন হবে বলে আমরা আশাবাদী।
সময়ের আলো/জোই