সৌদি আরবে মিসাইল হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি আবদুল্লাহ আল মামুনের (৩৫) মরদেহ ২১ দিন পর গ্রামের বাড়ীতে এসে পৌঁছেছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে তার মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে দুপুর একটার দিকে তার মরদেহ গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বরভরা নিয়ে আসা হয়। আছরের নামাজের পর জানাজা শেষে বাড়ির পাশে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ সৌদি আরবের আল-খারজ এলাকায় একটি ক্ষেপণাস্ত্র হামলায় দগ্ধ হন মামুন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মার্চ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নিহত মামুনের বাবা শহীদুল ইসলাম সওদাগর ও মা শাহেদা খাতুন ছেলের লাশের পাশে বারবার মূর্ছা যাচ্ছিলেন। বাবা শহীদুল ইসলাম বলেন, আমার দুই ছেলে দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকে। মেজো ছেলে মামুনের ঈদের পর বাড়িতে আসার কথা ছিল, কিন্তু সে আজ লাশ হয়ে ফিরল।
জীবিকার সন্ধানে ১৫ বছর আগে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন মামুন। সর্বশেষ ৫ বছর আগে তিনি দেশে এসেছিলেন। তার ৬ বছরের একটি ছেলে সন্তান (মাহাদী শেখ) রয়েছে। পরিবারের সচ্ছলতা ফেরাতে দীর্ঘ প্রবাস জীবন পার করলেও শেষ পর্যন্ত বিদেশের মাটিতেই প্রাণ হারালেন এই রেমিট্যান্স যোদ্ধা।
এফআর