আকস্মিক হার্ট অ্যাটাকে মারা যান বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের আইন ও সমাজকল্যাণ সম্পাদক কাজী সিকান্দার। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী ও চার সন্তান রেখে গেছেন। এবার তার পরিবারের পাশে দাঁড়িয়েছে ইসলামি লেখক ফোরাম।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় তার কামরাঙ্গীরচরের বাসায় ইসলামি লেখক ফোরামের প্রতিনিধি দল নগদ অর্থ এবং এক মাসের বাজার নিয়ে উপস্থিত হন।
এ সময় ফোরাম প্রতিনিধিরা কাজী সিকান্দারের শ্বশুর এবং লেখক মাওলানা সাঈদ আহমদের সঙ্গে কথা বলেন। পরে তারা কাজী সিকান্দারের সন্তানদের পড়াশোনার খোঁজ নেন এবং বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এছাড়া ফোরাম প্রতিনিধিরা কাজী সিকান্দারের লেখা গ্রন্থগুলোর যথাযথ প্রকাশ এবং বিভিন্ন প্রকাশনী থেকে ন্যায্য প্রাপ্য আদায়ে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সভাপিত জহির উদ্দিন বাবর, অভিভাবক পরিষদের সদস্য মাসউদুল কাদির, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক আমিন ইকবাল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নকীব মাহমুদ, প্রকাশনা সম্পাদক আমিন আশরাফ ও সদস্য আবু বকর চৌধুরী প্রমুখ।
সময়ের আলো/কেএইচও