ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মেডিকেলে জরুরি বিভাগের চিকিৎসেবা বন্ধ রয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসার জন্য বিকেলে জরুরি বিভাগে আসেন। তার চিকিৎসা পত্র লিখে দেওয়া হয়। তবে সরকারি ঔষধ সরবরাহ না থাকায় তাদেরকে বাইরে থেকে ঔষধ কিনে আনতে বলা হয়। এর কিছুক্ষণ পরে ওই শিক্ষার্থী ও তার সহপাঠীরা হাসপাতালে এসে কর্তব্যরত চিকিৎসকের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে।
চিকিৎসকরা আরও জানান, ‘কি ঔষধ লিখে দিয়েছেন, বাইরে কিনতে পাওয়া যাচ্ছে না’ এমন অভিযোগ তুলে খারাপ আচরণ করতে থাকে ঢাবি শিক্ষার্থীরা। একপর্যায়ে দুইপক্ষের হাতাহাতি হয়৷ এরপর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার ঘটে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো, ফারুক জানান, চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের একটি হাতাহাতির ঘটনা ঘটেছে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
/কেএইচ