মালয়েশিয়ার পেরাক রাজ্যে দুটি রাবার গ্লাভস কারখানায় অভিযান চালিয়ে ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। বুধবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় সংবাদ সংস্থা বেরনামা।
প্রতিবেদনে বলা হয়, বুধবার রাজ্যের চেমোরের কানথান শিল্প এলাকায় রাত ৭টার দিকে অভিযান শুরু হয়। পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক জেমস লি জানান, একটি রাবার গ্লাভস তৈরির কারখানা থেকে ৫৬ জন এবং অন্য একটি কারখানা থেকে ২৩ জনকে আটক করা হয়। তারা সবাই বাংলাদেশি নাগরিক এবং ধারণা করা হচ্ছে, তারা দেশটিতে অবৈধভাবে অবস্থান করছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, দুটি কোম্পানিই একটি মূল কোম্পানির অধীনস্থ। দুটি কারখানার কর্তৃপক্ষ এখানে নিয়োগ দিয়েছে, অন্য কোম্পানি বা খাতে নিবন্ধিত বিদেশি শ্রমিকদের। একই কারখানায় গত বছরও চালানো হয়েছিল অভিযান।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণে অভিবাসন দফতরে নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
সময়ের আলো/জোই/আআ