বাংলা সাহিত্যের সুদীর্ঘ পরিক্রমায় ঋতুচক্রের আবর্তন কেবল প্রকৃতির বাহ্যিক পরিবর্তনকে সূচিত করে না, বরং তা বাঙালির মনন, সংস্কৃতি এবং জীবনদর্শনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে দীর্ঘকাল ধরে বিরাজমান। ঋতুরাজ বসন্তের বিদায়ঘণ্টা যখন বাজতে শুরু করে, তখন রুক্ষ-শুষ্ক ও তপ্ত ধরণির বুকে এক রুদ্রমূর্তিতে আবির্ভূত হয় বৈশাখ। বাংলা কবিতায় বৈশাখ কেবল একটি মাস বা সময়ের একক নয়, বরং তা একাধারে ধ্বংস ও সৃষ্টির প্রতীক, পুরাতনকে ঝেড়ে ফেলে নতুনকে আবাহন করার এক প্রবল শক্তি।
মধ্যযুগের পদাবলি সাহিত্য থেকে শুরু করে আধুনিক ও সমকালীন বাংলা কবিতা পর্যন্ত বৈশাখের রূপটি অত্যন্ত বৈচিত্র্যময়। কখনো তা তপ্ত দ্বিপ্রহরের দহনজ্বালা নিয়ে উপস্থিত হয়েছে, কখনো কালবৈশাখীর প্রচণ্ড ঝড়ে জীর্ণ-শীর্ণকে বিনাশ করে আবর্জনা দূর করার সংকল্পে গর্জে উঠেছে, আবার কখনো বা পহেলা বৈশাখের এক অনন্য সাংস্কৃতিক চেতনায় বাঙালি সত্তাকে জাগ্রত করেছে। এই দীর্ঘ কাব্যিক যাত্রায় বৈশাখ তার রূপ পাল্টেছে যুগের প্রয়োজনে।
বাংলা কবিতার আদি স্তরে, বিশেষ করে মধ্যযুগের মঙ্গলকাব্যগুলোতে প্রকৃতির বর্ণনা মূলত দেবতার অতিপ্রাকৃত লীলা এবং মানুষের দৈনন্দিন সুখ-দুঃখের ‘বারমাস্যা’র মধ্যে সীমাবদ্ধ ছিল। কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তীর ‘চণ্ডীমঙ্গল’ কাব্যে বৈশাখের যে চিত্র পাওয়া যায়, তা মূলত প্রচণ্ড দহন ও দহনজনিত কষ্টের আলেখ্য। সেখানে বৈশাখ মানেই আগুনের মতো উত্তাপ, যা সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলে।
আধুনিকতার ছোঁয়া না থাকা সেই যুগে কবির দৃষ্টিতে বৈশাখ ছিল এক রুক্ষ ঋতু, যেখানে ছায়া নেই, জল নেই, কেবল প্রখর সূর্যের তেজ। তবে বৈশাখের এই আদি রূপটি আধুনিক কবিতায় এসে সম্পূর্ণ নতুন এক মাত্রা লাভ করে। উনবিংশ ও বিংশ শতাব্দীতে বাংলা কবিতায় যখন আধুনিকতার সূত্রপাত ঘটে, তখন বৈশাখ কেবল একটি ঋতু হয়ে থাকল না, তা হয়ে উঠল এক দার্শনিক উপলব্ধির নাম। এই বিবর্তনের প্রধান কারিগর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্র-কাব্যে বৈশাখ সর্বাগ্রে আবির্ভূত হয়েছে এক তপস্বীর বেশে, যে তার কৃচ্ছ্রসাধনের মধ্য দিয়ে ধরণিকে পবিত্র করতে চায়। রবীন্দ্রনাথের কাছে বৈশাখ মানে ‘রুদ্র’। তিনি যখন বলেন, ‘এসো হে বৈশাখ এসো এসো’, তখন তার সেই আহ্বান কেবল একটি ঋতুকে স্বাগত জানানো নয়, বরং অন্তরের ও বাইরের সব গ্লানি, জীর্ণতা এবং ব্যর্থতাকে পুড়িয়ে ফেলার এক ঐকান্তিক প্রার্থনা। রবীন্দ্রমননে বৈশাখ এক ‘বৈরাগীর বেশে’ আসা ঋতু। তিনি বৈশাখকে দেখেছেন এক প্রচণ্ড শক্তির আধার হিসেবে, যা অপ্রয়োজনীয় আবর্জনা ঝেড়ে ফেলে আগামীকে শুচি ও সুন্দর করে তোলে। তার ‘কল্পনা’ কাব্যের ‘বৈশাখ’ কবিতায় আমরা দেখি এক মহাতপস্বীর চিত্র, যে শুষ্ক-মলিন ধরণিকে তার নিশ্বাসের তাপে পবিত্র করছে।
রবীন্দ্রনাথের বৈশাখ একাধারে সংহারক ও পালক; সে একদিকে তপ্ত দহনে পুড়িয়ে দেয় যা কিছু বাসি ও পুরাতন, অন্যদিকে কালবৈশাখীর নবধারাজলে সিক্ত করে অঙ্কুরোদগমের পথ প্রশস্ত করে। শঙ্খধ্বনি আর জয়গানের সুর সেখানে ধ্বনিত হয় ঝড়ের গর্জনে।
রবীন্দ্রনাথের বৈশাখ যেখানে আধ্যাত্মিক ও দার্শনিক গাম্ভীর্যে স্থিত, কাজী নজরুল ইসলামের বৈশাখ সেখানে বিদ্রোহী ও বৈপ্লবিক। নজরুলের কবিতার চরণে বৈশাখ মানেই কালবৈশাখী, যা অন্যায়, অবিচার ও পরাধীনতার শৃঙ্খল ভাঙার এক মহাপ্রলয়। সাতাশ বছরের এক তরুণ কান্তিমান কবির কাছে বৈশাখ হলো ‘প্রলয়োল্লাস’। নজরুলের লেখনীতে বৈশাখ তার ভয়ংকর সুন্দর রূপ নিয়ে আবির্ভূত হয়েছে। তিনি যখন বলেন, ‘তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়’, তখন স্পষ্ট বোঝা যায় যে, বৈশাখ এখানে কোনো প্রাকৃতিক ঋতু নয়, বরং তা অত্যাচারীর তখত-তাউস উল্টে দেওয়ার এক সামাজিক ও রাজনৈতিক উপমা।
নজরুলের কবিতায় বৈশাখী ঝড় কেবল ধুলো ও পাতা উড়িয়ে আনে না, বরং তা নিয়ে আসে মুক্তির বারতা। পরাধীন দেশে নজরুল বৈশাখকে ব্যবহার করেছেন নবজাগরণের প্রতীক হিসেবে। রবীন্দ্রনাথের বৈশাখ যেখানে শান্তিনিকেতনের নির্জন তপ্ত দুপুরের এক গূঢ় ধ্যানে মগ্ন, নজরুলের বৈশাখ সেখানে রাজপথের মিছিলে উন্মাতাল এক চিরতরুণ যোদ্ধা। এই দুই বিপরীত অথচ পরিপূরক চিত্রকল্প বাংলা কবিতায় বৈশাখের রূপকে এক অখণ্ড পূর্ণতা দান করেছে।
ত্রিশের দশকের আধুনিক কবিদের হাত ধরে বৈশাখ আবার চারিত্রিক পরিবর্তনের সম্মুখীন হয়। জীবনানন্দ দাশ, যার কবিতা মূলত প্রকৃতি ও নির্জনতার এক আশ্চর্য মেলবন্ধন, তার কবিতায় বৈশাখ এসেছে এক ভিন্ন বিষাদময় ও ইন্দ্রিয়গ্রাহ্য রূপে। জীবনানন্দের বৈশাখ মানে ‘একপশলা বৃষ্টি’র প্রত্যাশা নয়, বরং তা হলো তপ্ত চৈত্র পার হয়ে আসা ধুধু মাঠের নিঃসঙ্গতা। তার ‘ধূসর পাণ্ডুলিপি’ বা ‘রূপসী বাংলা’র পরতে পরতে ধুলোমাখা গ্রামীণ বৈশাখের যে স্তব্ধ দুপুর উঠে আসে, তা পাঠকদের এক গূঢ় অস্তিত্ববাদী সংকটের সামনে দাঁড় করিয়ে দেয়।
জীবনানন্দীয় বৈশাখে আমরা দেখি রোদে পোড়া মাঠ, অলস দুপুর এবং চিল ও ডাহুকের ডাক। তার কবিতায় বৈশাখ এক রুক্ষ ও ধূসর বাস্তবতার নাম, যেখানে কোনো উল্লাস নেই, বরং আছে এক আদিম ক্লান্তি ও গূঢ় আকাক্সক্ষা। অন্যদিকে কবি অমিয় চক্রবর্তী বা বুদ্ধদেব বসুর কবিতায় বৈশাখ অনেক সময় নাগরিক রুচি ও নাগরিক মনস্তত্ত্বের দর্পণে প্রতিফলিত হয়েছে। তাদের কাছে বৈশাখ মানে শহরের বদ্ধ ঘোরে একফালি মেঘের আনাগোনা অথবা উত্তপ্ত পিচঢালা রাস্তার ওপর অসহ্য গুমোট। সুধীন্দ্রনাথ দত্তের কবিতায় বৈশাখ এসেছে এক ক্ষয়িষ্ণু সময়ের চিহ্ন হিসেবে, যেখানে সময়ের অমোঘ নিয়ম ও প্রকৃতির রুদ্র রূপ একাকার হয়ে গেছে।
পঞ্চাশ ও ষাটের দশকের কবিতায় বৈশাখের ব্যবহার হয়েছে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের অংশ হিসেবে। বিশেষ করে কবিতায় বৈশাখ এক রাজনৈতিক রূপ পরিগ্রহ করে। তৎকালীন পাকিস্তানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বাঙালির যে ভাষা আন্দোলন ও সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন দানা বেঁধেছিল, তার এক শক্তিশালী প্রতীক হয়ে ওঠে ‘পহেলা বৈশাখ’। এই সময়ে কবি শামসুর রাহমান, আল মাহমুদ বা শহীদ কাদরীর কবিতায় বৈশাখ কেবল ঋতু বর্ণনায় সীমাবদ্ধ থাকেনি।
শামসুর রাহমানের কবিতায় বৈশাখ এসেছে নাগরিক মধ্যবিত্তের চেতনার এক প্রদীপ্ত শিখা হয়ে। তার কবিতায় রমনার বটমূলের মেলা যেমন আছে, তেমনি আছে কালবৈশাখীর ঝড়ে উড়ে যাওয়া পুরোনো শাসকের প্রতীকী পরাজয়। আল মাহমুদের কবিতায় বৈশাখ আবার ফিরে গেছে তার লোকজ কৃতিতে। তিনি মাটির সোঁদা গন্ধ, গ্রাম্য মেলা এবং নিসর্গচেতনায় বৈশাখকে স্থাপন করেছেন।
আল মাহমুদের বৈশাখ অত্যন্ত জীবনঘনিষ্ঠ, যেখানে মাটির টানে মানুষ বারবার ফিরে আসে তার শিকড়ে। তার উপমায় বৈশাখ মানে হলো সেই আদিম শক্তি যা চাষি আর শ্রমজীবীর হাড়ভাঙা খাটুনির সঙ্গে জড়িয়ে থাকে প্রত্যাশার নব ফসল হয়ে।
বাংলা কবিতায় বৈশাখের এক বিশাল অংশজুড়ে আছে ‘কালবৈশাখী’। এই প্রাকৃতিক দুর্যোগটি কবিদের কল্পনাকে বারবার নাড়া দিয়েছে। ঝড়ের আগে প্রকৃতির যে রহস্যময় স্তব্ধতা, আকাশ কালো করে আসা মেঘের ঘনঘটা এবং তারপর আচমকা ধুলোবালি ও প্রবল বৃষ্টির যে তাণ্ডব— তা প্রতিটি কবির লেখনীতে অনন্য রূপ পেয়েছে। বৈশাখী ঝড় এখানে কেবল প্রকৃতির ধ্বংসলীলা নয়, বরং তা চেতনার শুদ্ধিকরণ।
কবিরা মনে করেন, এই ঝড়ের পরেই আসে স্নিগ্ধ প্রশান্তি। দীর্ঘ প্রতিক্ষার পর যখন তপ্ত ধরিত্রী কালবৈশাখীর জলে অবগাহন করে, তখন তার যে রূপান্তর ঘটে, তা কবিতার ছত্রে ছত্রে কাব্যিক সুষমায় মূর্ত হয়ে ওঠে। বৈশাখের এই জলস্রোত কেবল ধুলো মোছে না, বরং তা মানুষের মনের দীর্ঘদিনের জমে থাকা গ্লানিকেও ধুয়ে মুছে সাফ করে দেয়। রবীন্দ্রনাথের ‘এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরী’ কিংবা নজরুলের ‘এলো রে ভাই কালবোশাখী’— এই দুই ভাবধারাই বাংলা কবিতার মূল প্রবাহে বৈশাখের আবহ তৈরি করেছে। বৈশাখ মানেই আদি ও অন্তের এক সন্ধিক্ষণ, যেখানে পুরাতন বর্ষের বিদায় আর নববর্ষের আবাহন এক সূত্রে গাঁথা হয়।
বিংশ শতাব্দীর শেষাংশ এবং বর্তমান শতাব্দীর শুরু থেকে আজ পর্যন্ত বৈশাখী কবিতার বিবর্তন লক্ষ্য করলে দেখা যায় যে, তা এখন অনেক বেশি আত্মমুখী এবং সংবেদনশীল। আধুনিক কবিরা বৈশাখকে এখন আর বিশাল ক্যানভাসে দেখেন না, বরং দেখেন ব্যক্তির নিভৃত অনুভবে। প্রচণ্ড দাবদাহের মধ্যে এক গ্লাস ঠান্ডা জলের তৃষ্ণা যেমন বৈশাখের রূপ, তেমনি যান্ত্রিক নগরায়ণে হারিয়ে যাওয়া বৈশাখী মেলার স্মৃতি এক গভীর নস্টালজিয়ার জন্ম দেয়।
বর্তমানের ভোগবাদী সমাজে যেখানে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, সেখানে বৈশাখী কবিতা বিরহ আর হাহাকারের এক অন্য সুর তুলে ধরে। নাগরিক জীবনে বৈশাখ মানে এখন কেবল লাল-সাদা পোশাকের আনুষ্ঠানিকতা নয়, বরং কবির কলমে তা হয়ে উঠে প্রতিবাদ, দহন এবং নতুনের প্রতীক্ষায় থাকা এক তৃষিত আত্মা। তবু যত সময়ই অতিবাহিত হোক না কেন, বৈশাখের সেই রুদ্র রূপ আর নবসৃষ্টির উন্মাদনা বাংলা কবিতার চিরকালীন সম্পদ হয়েই থাকবে।
বাংলা কবিতায় বৈশাখ কেবল একটি মাস নয়, বরং তা বাঙালির জীবনদর্শনের এক নিরবচ্ছিন্ন সুর। এটি এমন এক কালখণ্ড যা মানুষকে শেখায় সহ্য করতে, ধ্বংসের মধ্যে নির্মাণকে খুঁজে নিতে এবং জীর্ণতাকে বিদায় জানিয়ে নতুনকে গ্রহণ করতে। রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতা, নজরুলের বিদ্রোহ, জীবনানন্দের নির্জনতা এবং আধুনিক কবিদের নাগরিক মনস্তত্ত্ব— সবই যেন বৈশাখের এই সুবিশাল ক্যানভাসে এক একটি স্বতন্ত্র আঁচড়। কালবৈশাখীর রুদ্রবীণায় যে সুর বেজে ওঠে, তা যেমন ভয়ংকর, তেমনি তা এক নতুন প্রভাতের আহ্বায়ক।
বাংলা কবিতা তাই যুগে যুগে বৈশাখের এই দ্বৈত সত্তাকে ধারণ করেছে যেখানে দহন আর বৃষ্টির মিলনমেলায় জন্ম নেয় শিল্পের নব ধারা। বৈশাখ তাই বাংলা কাব্যসাহিত্যের সেই অবিনাশী শক্তি, যা প্রতি বছর ফিরে আসে আমাদের চেতনার মূলে কুঠারাঘাত করতে, যাতে আমরা আমাদের গ্লানি মুছে ফেলে আবার নতুন করে বাঁচতে শিখি। বৈশাখের এই জয়যাত্রা কেবল সাহিত্যের পাতায় নয়, বরং তা বাঙালির ঐতিহ্যের গভীরে এক রক্তিম অক্ষরে খোদিত হয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বৈশাখ মানেই তাই পরম এক প্রাপ্তি— যা নিঃস্ব করে দিয়েও পূর্ণতার স্বপ্ন দেখায়, যা পুড়িয়ে দিয়েও সৃজনের সজীবতায় ভরিয়ে দেয় বাঙালির কাব্যভুবন।
এফআর