এই সপ্তাহের কবিতা

সাহিত্য

বিরহকাল—ফরিদ আহমদ দুলালযে মুখের হাসি-আনন্দে রাখে নির্ভার সংগ্রামেসে যদি হঠাৎ হারায় সুদূরে নিভৃতির এক গ্রামেযে গ্রামের পাখি মাঠের সবুজ গোপাটের

2026-08-28T04:35:43+00:00
2026-08-28T04:35:43+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সাহিত্য
এই সপ্তাহের কবিতা
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৪:৩৫ এএম 
গ্রাফিক : সময়ের আলো
বিরহকাল
ফরিদ আহমদ দুলাল

যে মুখের হাসি-আনন্দে রাখে নির্ভার সংগ্রামে
সে যদি হঠাৎ হারায় সুদূরে নিভৃতির এক গ্রামে
যে গ্রামের পাখি মাঠের সবুজ গোপাটের যত ফুল
আনন্দচিতে গন্ধ ছড়ায় জুঁই-চম্পা-বকুল;
তবু চেনা পথ নিরালোক হলে অন্ধের মতো চলা
থেমে যায় নদী বায়ু চলাচল প্রাণে প্রাণে কথা বলা।
বিচ্ছেদ কাল মৌন-স্থবির যেমন থাকে পাহাড়
ফুরসত পেলে লুণ্ঠন হয়ে যাচ্ছে মুক্তো হার!
বিরহ রচনা করে অবহেলা প্রেমিক হারায় পথ
যাপনানন্দ হারায় যে তার সুখী ঋদ্ধ জগৎ।

সম্পর্ক কে যাও ছিঁড়ে দূরে ভাগ্য কি নিয়ে যাও
যায় না ভাগ্য ঘুণপোকা হয়ে হৃদয়-মগজ খাও!
ভালোবেসে তুমি কষ্ট ভিন্ন কিছু কি পেরেছ দিতে
শেখোনি যদিও দিতে আনন্দ দিয়েছ জহর তিতে;
আমিও শরাবে বুঁদ হয়ে থাকি মগ্ন শরাবি গীতে
সবুজ শীতল বরফে কি তুমি শিহরিত হও শীতে!


প্রেমকাব্য-১
ফেরদৌস সালাম

এই নদী প্রেমময় বয়ে যাচ্ছে ছলাৎ ছলাৎ
বর্ষা জলে প্রাণোচ্ছ্বল ভেঙে ফেলে আঁকাবাঁকা কূল
তুমি নারী এমনই কামকাব্যে দারুণ তুমুল
আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখো বৃষ্টিঝরা দীপ্ত সারারাত...
কোমল জলজ দেহে সূর্যরশ্মি মুক্তা জ্বলজ্বলে
আকাশও মুগ্ধতায় অনিমেষ তাকায় তখন
সেও জানে কোনোদিন হবে না সে নৈকটের জন
সব প্রেম ফিরে যাবে আবর্তিত ঢেউ ঢেউ জলে।

হাজার নদীর স্রোত নিয়ে আসে শস্যসঙ্গী পলি
এ মৃত্তিকা ঋদ্ধতায় জন্ম দেয় আদ্রিত ফসল
নারীও আনন্দ স্পর্শে তুলে আনে পরিশুদ্ধ জল
স্বচ্ছতার ভূমিতেই জন্ম নেবে ঘ্রাণোচ্ছল কলি
ঝিনাই নদীর ডাকে জলবৃষ্টি ছুঁয়ে যায় ডাল
সুনন্দাও জেনে গেছে কামকাব্যে কে ওড়ায় পাল!


বৃষ্টির অক্ষর
আসাদ উল্লাহ

বৃষ্টি হলেই হাসে বৃক্ষ-লতা, রুপালি নূপুর
ঘাসের সবুজ, জল টলমল দীঘি,
বৃষ্টিতে হাসে স্নিগ্ধ গোলাপ, পদ্মপাতা
জানালায় হাসে রমণীর ঠোঁট, গালের টোল।

বৃষ্টি এলেই হাসে তোমাদের ফুর্তির টেবিল
ভুনাখিচুড়ি, পুরোনো দিন, অর্কেস্ট্রার সিম্ফনি।

বৃষ্টির ভেতরেই পড়ে থাকে উজ্জ্বল বিকাল
শুকনো স্মৃতি, ভেজা চোখ, কোমল কথা,
বৃষ্টির অক্ষরে ভাসে পাঁচ তলার ছাদ প্রিয় নামের বানান
ভাসে স্বরে-ব্যঞ্জনে গোপন ব্যথার ক্ষত।


ভুল বানানের ফুল
বদরুল হায়দার

ভুল বানানের ফুল ফুটেছে হৃদয়ে। ঘন কুয়াশার
আবরণে ফর্সামন সন্ধ্যাবাতির আঁধারে
মনোভোলা আলো বেধ করে ফোটায় আনন্দ।

গোলযোগে যোগ হয় ব্যর্থতার পরিহাস।
ভোগবিলাসিতার আকাশে তুমি কেবলই নিজেকে অবুঝ
ভেবে ভাবনদী পাড়ি দাও ভালোবেসে।

তারা ঝিলমিল প্রেমের শহরে উড়ে যায় কালো ধাঁধা।
দৃশ্যের গভীরে মন বাস করে অদৃশ্য ছায়ায়।
বিরতির স্বপ্ন সংকটে আঁতে গাঁ দেয় গোপন অভিমান।

তোমার গুডনাইট কূটকৌশলে হরিলুট চলে
দিল দরিয়ায়। অদলবদল দোল খায় প্রকৃতির
সাজানো আবেগে। স্মৃতিপটে ঘটে যায় লঙ্কাকাণ্ড
বেহিসাবি আষাঢ়ে গল্পের।

চোখের পলকে প্রেম বিরহী প্লাবনে ঢেলে দেয়
চুক্তির স্বচ্ছতা। বঞ্চনার পরিহাসে তোমার অবাধ্যতায়
লাবণ্যের চিত্রে দেখা মিলে ম্লান সাগরকন্যার রূপ।

হৃদয়ের না বলা কথারা অন্তরের নীরবতা ভুলে
জেগে উঠে প্রাণপাখি হয়ে।


নাচের পুতুল
অনিন্দ্য জসীম

আমি হাট থেকে একটা নাচের পুতুল কিনে এনেছি
অদৃশ্য সুতায় বেঁধে আঙুলের সঙ্গে
টেবিলের ওপর আঙুল নাচাই, আর
ঘরের মেঝেতে নাচ-খেলা দেখি

না-কি আমাকে নাচের পুতুল
ভেবে কেউ কিনে নিয়েছে!
এবং নাচাচ্ছে যেমন খুশি
দারুন খেমটা মুদ্রায়!

আমার নাচ বেশ সুন্দর,
নাচি আর দর্শকের দিকে
তাকিয়ে আনন্দে বাহাবা কুড়াই।

সময়ের আলো/প্রিন্ট/আতা


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: