অনুভব
আসাদুল্লাহ মুক্তা
অতদিন কেন ওখানে রয়ে গেলে তুমি...
কেন এতদিন তোমার মুখশ্রী দেখা হয়নি!
জানই তো তুমি, প্রতিদিনের সকাল হয়
তোমার রিনি ঝিনি অমল শব্দ তরঙ্গে।
তোমার দেখা, অদেখা দিনের রঙিন আলো
ব্যথা-বেদনা দুঃখ-কষ্ট মুছে ফেলার ক্ষণ-কাল
এমন ঘোরতর সময়ে তোমার অনুপস্থিতি
জীবন্ত আত্মার বিরঞ্জন ছবি হয়ে উঠে আসে।
তবু তুমি আমার অন্তর মনে স্বস্তির ছায়া
বুকের গভীরে জমে থাকা দুঃখের পাহাড়।
আমার কোনো প্রেমিকা নাই
নাইমুল করিম
আমার কোনো প্রেমিকা নাই!
সে জন্য আমি কাউকে, চোখ কান-নাক-জিহ্বা
ত্বক মসৃণ চুল রূপলাবণ্য, প্রশংসা
গাইতে পারি না!
কবিতায় চাইলেও লিখতে পারি না
তোমার চোখ দুটো মহানায়িকা
সুচিত্রা সেনের মতো, ঠিক যেন!
হাজারো ইচ্ছে হলেও-
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার লাইন
‘মনে পড়ে মনে পড়ে, এখনও তোমাকে মনে পড়ে’
উৎসাহে উচ্চারণ করতে পারি না!
বিবেক
ধনঞ্জয় সাহা
মেঘে নীলে আঁচল ধরে
বিশাল ঘরে চক্ষু খুলে মনের ভুলে
ছিলে তুমি চুপ
ধর্মে এখন কাঁপছে ভূমি বর্ম ছোঁয়ায়
আগুন যখন নিভছে ধোঁয়ায় তখন তুমি ঢালছো ছোবায় ধূপ।
দিনটি এখন বদলে গেছে মেঘ কেটেছে ভোরে
ঝড়ের বেগে উল্টো বাতাস বইছে কেবল উড়িয়ে নিয়ে খড়কুটো সব
ফেলছে দূরে জোরে।
সুখের স্মৃতি ভাঙছে রীতি, স্বচ্ছ বাতাস রুক্ষ নদী
সুকিয়ে যাওয়া সরস্বতী, ব্রহ্মপুত্র ভাগীরথী
রঙিন সোয়ার গাইছে জোয়ার গান
এলো আবার নদীর বানে স্রোতের টানে গাছের শাখায় সবুজ পাতায়
দিন ফেরানো প্রাণ।
কী করেছ? কী ভেবেছ? শুনছ তুমি? যা-ই নিয়েছ বুকে
সময় এবার স্বচ্ছ সুতোয় মনটা বুনো,
ঝেড়ে ধুলো খোলস খুলো
হিসাব-নিকাশ চুকে।
অন্য কোনো রঙে রঙিন হবে
বজলুর রশীদ
মেঘের চাদরে তুমি রঙিন হয়ে ওঠো
খোঁপায় বকুলের মালা গেঁথে
তোমাকে বদলে দেব অন্য তুমিতে...
আর শিউলি ফুলের গন্ধ ভিড়ে
তুমি বারবার ভ্রমর ডানায় জাগো,
জাগো কেবলই স্বপ্নের কাজল;
হয়তো বা-
তোমার সুবিন্যস্ত উঠান ছুঁয়ে
জেগে উঠব স্মৃতির কোটরে
বিশুদ্ধ মায়ায় গাঢ় সবুজের প্রিয় অনুভব।
প্রতারণা করবে না অফুরন্ত নয়নে
ভোরের শুভ্র ঝরা শিউলিফুল আর
নিকটতম নদীর চরে
পোয়াতি কোনো কাশফুলের ভ্রুণ,
অন্য কোনো রঙে ঘনিষ্ঠ হবে
আমার পুষ্ট হাতের মহিমায়...।
বর্ষার ভালোবাসা
গোলাম আশরাফ খান উজ্জল
নীল আকাশে কালো মেঘে ছাওয়া
পানিতে ডুবে গেছে ঘর গৃহস্থালি
মাঠের সোনালি ধান হয়নি কাটা
ফসলহানিতে কৃষকের মাথায় হাত।
এই বর্ষায় নদী ভাঙছে বসতবাড়ি
তোমাকে ভালোবাসার সময়টুকু নেই
আমি চিন্তিত চৌহদ্দি টিকিয়ে রাখতে
একটু সময় দাও তারপর ভালোবাসি।
ভোরের স্বপ্ন
সৈকত রায়হান
কয়েক ফোঁটা লোনাজল এসে
ভাসিয়ে গেছে বুকের জমিন,
তবু মুখ ফেরাতে পারেনি—
পারেনি কথা ফিরিয়ে নিতে,
নাছোড় অভিমানে লন্ডভন্ড
আগামীর স্বপ্ন,
তবু মন জানে কোথাও
গহন কোণে জমা আছে
হয়তো নতুন কিছু, আচানক সুখ!
যেমন অন্ধকার আকাশ জানে
ভোরের ব্যাকরণ,
তাই স্বপ্ন জেগে থাকে শিশিরের নরম বুকে।
সময়ের আলো/প্রিন্ট/এমকে