এই সপ্তাহের কবিতা

সাহিত্য

নেপালের মহাপ্লাবনবিজন বেপারীভগবানের ইচ্ছার কাছেনেই তো কারও হাত,শোঁ শোঁ করে জল নেমে যায়,ভাঙে গিরিখাত।ভেসে গেল ঘরবাড়ি,ভাঙল রাস্তা-ব্রিজ,মানুষ ভাসে ময়লার সাথে,ভাসে

2026-08-29T03:23:52+00:00
2026-08-29T03:24:49+00:00
 
  শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
সাহিত্য
এই সপ্তাহের কবিতা
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৩:২৩ এএম  আপডেট: ২৯.০৮.২০২৬ ৩:২৪ এএম
গ্রাফিক : সময়ের আলো
নেপালের মহাপ্লাবন
বিজন বেপারী

ভগবানের ইচ্ছার কাছে
নেই তো কারও হাত,
শোঁ শোঁ করে জল নেমে যায়,
ভাঙে গিরিখাত।

ভেসে গেল ঘরবাড়ি,
ভাঙল রাস্তা-ব্রিজ,
মানুষ ভাসে ময়লার সাথে,
ভাসে টিভি-ফ্রিজ।

পরিবারের মানুষগুলোর
নেই তো কোনো খোঁজ,
কাঁদে শিশু, বৃদ্ধ কাঁদে,
কান্না ওঠে রোজ।

নেপালের এই মহাপ্লাবন,
নেই তো কোনো সান্ত্বনা,
জন্ম নিয়ে এমন মৃত্যু-
চায় না কেউ, প্রার্থনা।





খুকির পড়া 
হাফিজ মুহাম্মদ

আজকে ছুটির দিন,
তা ধিনা ধিন ধিন।

খুকি পড়ে ছড়া,
ছবি আঁকা পাখির পাখা
সত্যি যে মনকাড়া।

একটু থামো এবার,
সময় এলো ভাবার।
সিংহ মামার গল্প,
ভয় পেল সে অল্প।

খুশির খবর দেখি-
শেয়াল মশাই, এ কী!
পড়ল নিজের ফাঁদে,
ডুকরে ডুকরে কাঁদে।

খুকি তখন হাসে,
সুখ-জোয়ারে ভাসে।




বৃক্ষরোপণ
অপু বড়ুয়া

গাছ থেকে পাই সবজি আনাজ
গাছ থেকে পাই ফল
গাছ থেকে পাই শস্যদানা
তাই খেয়ে হয় বল।
গাছ আমাদের প্রাণের সখা
তার মতো কেউ নয়
গ্রীষ্ম-রোদে দেয় সে ছায়া
দূর করে সংশয়।

তার থেকে পাই কাঠ জ্বালানি
চেয়ার টেবিল খাট
পাই জানালা আলমারি আর
দরোজা চৌকাঠ।

তাই তো হবে গাছ লাগাতে
গড়তে হবে বন
এই জন্যই বৃক্ষরোপণ
খুব বেশি প্রয়োজন।
বৃক্ষরোপণ আন্দোলনে
তাই এসো সবাই-
গাছ লাগিয়ে দিনযাপনের
স্বস্তি ফিরে পাই।



পুতুলের বিয়ে
নাজীর হুসাইন খান

মারজানের ওই পুতুল রানীর
কালকে হবে বিয়ে,
বরের বাড়ির পক্ষ থেকে
দেখতে এলো টিয়ে।

দেখে গেল টিয়ে পাখি,
পছন্দ হলো বেশ,
বিয়ের কথা পাকা হলো,
মিটল যত ক্লেশ।

হাতি-ঘোড়া পাচক হয়ে
কোরমা-পোলাও রাঁধে,
কালকে যে তার বিয়ে হবে,
লজ্জাতে সে কাঁদে!

কোকিল ডাকে কুহু কুহু,
কাকটি ডাকে- ‘কা!’
পুতুল রানীর বিয়ের সাজে
সবাই দেখে যা।

দাওয়াত পেয়ে পেখম মেলে
নাচে ময়ূর পাখি,
দাদা-দাদির সঙ্গে জমে
হলুদ মাখামাখি।

টুসটাস টুস ফিঙে রাজা
ফোটায় আতশবাজি,
বুলবুলিটা হবে এবার
পুতুল বিয়ের কাজি।

পুতুলটার লজ্জা ভীষণ,
ঘোমটা দিয়ে থাকে,
পাড়া-পড়শি সবাই এসে
দেখতে চায় তাকে।


সময়ের আলো/প্রিন্ট/কেএইচও


  বিষয়:   কবিতা 


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: