আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ২৪টি অস্থায়ী পশুর হাট বসানোর পরিকল্পনা করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ বা ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। এই উৎসবকে কেন্দ্র করে রাজধানীবাসীর কোরবানির পশু কেনাকাটা সহজ করতে ইতোমধ্যে উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১২টি স্থানের জন্য দরপত্র আহ্বান করেছে। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও (ডিএসসিসি) সমসংখ্যক হাটের দরপত্র ঘোষণার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, অস্থায়ী এই ২৪টি হাট ছাড়াও ডিএনসিসির গাবতলী ও ডিএসসিসির সারুলিয়া স্থায়ী পশুর হাটেও বরাবরের মতো পশু বিক্রি হবে। ঈদের দিনসহ মোট পাঁচদিন এসব হাটে পশু কেনাবেচা চলবে। গত ৯ এপ্রিল ডিএনসিসি ১২টি অস্থায়ী হাটের নাম উল্লেখ করে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হাটগুলোর মধ্যে রয়েছে- খিলক্ষেত বাজার সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গা; উত্তরা দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউ বাজার এলাকা; মিরপুর সেকশন-৬ এর ইস্টার্ণ হাউজিং ও কালশী বালুর মাঠ; মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা; বাড্ডা, খিলক্ষেত মস্তুল, ভাটারা সুতিতোলা ও উত্তরা রানাভোলা এলাকা।
দরপত্র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ এপ্রিল শিডিউল বিক্রির শেষ দিন এবং ২৭ এপ্রিল দরপত্র জমা ও খোলা হবে। ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান জানান, সর্বোচ্চ দরদাতাকে হাট ইজারা দেওয়া হবে এবং তাদের থেকে ১০ শতাংশ পরিচ্ছন্ন ফি নেওয়া হবে।
ডিএসসিসি চলতি সপ্তাহের মধ্যেই তাদের ১২টি অস্থায়ী হাটের দরপত্র আহ্বান করবে। খসড়া তালিকায় রয়েছে- উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের মাঠ; পোস্তগোলা শ্মশানঘাট, দনিয়া কলেজ সংলগ্ন এলাকা ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল; হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজ মাঠ, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকা ও মেরাদিয়া বাজার।
তবে রাজধানীর আফতাবনগরে এবার হাট বসবে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত নয় ডিএসসিসি। গত বছর স্থানীয়দের আপত্তি ও আদালতের নিষেধাজ্ঞার কারণে এখানে ইজারা স্থগিত ছিল। সীমানা জটিলতা ও জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে এবার হিসাব কষছে কর্তৃপক্ষ। ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, জনচাহিদা বিবেচনা করে দ্রুতই হাটের সংখ্যা ও স্থান চূড়ান্ত করা হবে।
/কহু