রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় নতুন তথ্য সামনে এনেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনায় গ্রেফতার হওয়া প্রধান অভিযুক্ত মঈন উদ্দিন ওই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক।
সোমবার (১৩ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে রমনা পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।
তিনি বলেন, শ্যামলীর সিকেডি ইউরোলজি হাসপাতালে সংঘটিত ঘটনায় অভিযুক্ত মঈন উদ্দিন প্রথমে ৫ লাখ টাকা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে হুমকি দেন এবং আতঙ্কের পরিস্থিতি তৈরি করেন।
আরও পড়ুন
র্যাব জানায়, ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে মঈন উদ্দিনসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অন্যরা হলেন- সুমন, লিটন, মো. ফালান মিয়া, মো. রুবেল, মো. স্বপন কাজী ও মো. শাওন হোসেন।
এর আগে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ১০ এপ্রিল শুক্রবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে একদল লোক হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করে। অভিযোগ অনুযায়ী, তারা নিজেদের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদা দাবি ও হুমকি প্রদান করে।
যে হাসপাতালকে কেন্দ্র করে এ ঘটনা, সেটি কিডনি চিকিৎসা ও প্রতিস্থাপনে দীর্ঘদিন ধরে সেবামূলক ভূমিকার জন্য পরিচিত। চিকিৎসক ডা. কামরুল ইসলাম বিনা পারিশ্রমিকে শতাধিক রোগীর কিডনি প্রতিস্থাপন করে মানবিক চিকিৎসাসেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি স্বাধীনতা পুরস্কার-ও পেয়েছেন।
র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এএডি/