প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:৫৫ পিএম
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সংগৃহীত ছবিবাংলাদেশ যে পথে হাঁটছে, তাতে বিএনপি আমাদের সুখকর বার্তা দিচ্ছে না বলে মনে করছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার (১২ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লাইভে এসে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, এখন বিএনপি মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে। সংসদের আইন কোনটা কি, সেটা সরকার যেভাবে চাইবে সেভাবেই হয়। বাংলাদেশ যে পথে হাঁটছে, তাতে বিএনপি আমাদের সুখকর বার্তা দিচ্ছে না।
সংস্কার বিল নিয়ে এনসিপির এই নেতা বলেন, যে কয়টি সংস্কার এই সংসদে পাস হওয়ার কথা ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ পুলিশ সংস্কার কমিশন। অথচ এই কমিশনটির প্রস্তাব সংসদে ওঠানোই হয়নি। আলোচনার জন্য তার প্রয়োজন আছে কিনা, বা কতটা প্রয়োজন জনগণের জন্য- এটা নিয়ে আলোচনা করার জন্য সংসদে ওঠানো হয়নি।
ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা নিয়ে তিনি বলেন, বাংলাদেশের শীর্ষ ২০টা ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা দেওয়ার জন্য আমি সংসদে প্রশ্ন করেছিলাম। অর্থমন্ত্রী আমির খসরু সাহেব সংসদে ২০টি প্রতিষ্ঠানের তালিকা দিয়েছেন। এই ২০টার মধ্যে ৯টাই এস আলমের প্রতিষ্ঠান। তাদেরকে আবার ব্যাংকে ফেরত আনার জন্য আইন পাস করা হল। এটি বাংলাদেশের জন্য কালো দিন।
ফেসবুক লাইভে সংসদ সদস্য হাসনাত বলেন, জুলাইয়ে যারা আত্মত্যাগ করেছিল, তারা রাষ্ট্রের স্ট্রাকচারাল রিফর্মের জন্য। কিন্তু রাষ্ট্রের কোনো স্ট্রাকচারাল রিফরমেশন হচ্ছে না। সংখ্যাগরিষ্ঠতা কখনোই ভালো কিছু নিয়ে আসেনি, আপনারা (বিএনপি) আত্মতুষ্টিতে ভুগছেন।