রাজশাহীর ঐতিহ্যবাহী মিয়াপাড়া পাবলিক লাইব্রেরিতে আট বছর পর উদযাপিত হলো চৈত্রসংক্রান্তির উৎসব। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় লাইব্রেরি প্রাঙ্গণের মঞ্চে এই আয়োজনে অংশ নেয় রাজশাহীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
পুরাতন বছরকে বিদায় জানিয়ে সংগীত পরিবেশন করেন নবরাজ সাংস্কৃতিক গোষ্ঠী ও পরজ সাংস্কৃতিক একাডেমির শিল্পীরা। সঙ্গে ছিল কলতান আবৃত্তি কুঞ্জের পরিবেশনা।
রাজশাহীর সাহিত্য ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত দেড়শ বছরের প্রাচীন লাইব্রেরিটির নতুন ভবন নির্মাণকাজ শুরু হলে ২০১৮ সালের পর থেকে এখানে আর কোনো আয়োজন হয়নি। ৮ বছর পর আবারও চৈত্রসংক্রান্তির মধ্য দিয়ে মুখরিত হলো স্থানটি।
আয়োজকরা জানান, মঙ্গলবার পহেলা বৈশাখ আয়োজনে সকাল থেকেই কর্মসূচি রয়েছে এখানে। বাঙালির নতুন বছর বরণে মঙ্গল শোভাযাত্রা, পান্তা উৎসব, চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটকের আয়োজন রয়েছে।
সময়ের আলো/আআ