বার্সা ও লিভারপুলের অগ্নিপরীক্ষা

ক্রীড়া ডেস্ক

খেলা

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ দ্বিতীয় লেগে আজ রাতে ঘরের মাঠ মেত্রোপলিতানো স্টেডিয়ামে বার্সেলোনাকে আতিথ্য দেবে অ্যাথলেটিকো মাদ্রিদ। প্রথম লেগের

2026-04-14T04:04:15+00:00
2026-04-14T04:04:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বার্সা ও লিভারপুলের অগ্নিপরীক্ষা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৪:০৪ এএম 
নিজেদের হারার পর বার্সেলোনা। সংগৃহীত ছবি
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ দ্বিতীয় লেগে আজ রাতে ঘরের মাঠ মেত্রোপলিতানো স্টেডিয়ামে বার্সেলোনাকে আতিথ্য দেবে অ্যাথলেটিকো মাদ্রিদ। প্রথম লেগের লড়াইয়ে বার্সেলোনার মাঠে ২-০ ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে আছে অ্যাথলেটিকো। 

ম্যাচে জয় বা ড্র পেলেই ২০১৬-১৭ মৌসুমের পর আবারও শেষ চারের টিকেট নিশ্চিত করবে দলটি। মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বেশ চনমনে অ্যাথলেটিকো শিবির। গত শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে হারলেও সেই ম্যাচে দলের মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলেন কোচ দিয়াগো সিমিওনে। বার্সার বিপক্ষে দুই গোলে এগিয়ে থাকায় দলের রক্ষণাত্মক কৌশলে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। 

অন্যদিকে লা লিগায় নগরপ্রতিদ্বন্দ্বী এসপানিওলকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে ফুরফুরে মেজাজে আছে বার্সেলোনাও। লিগ টেবিলের শীর্ষে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকা কাতালান ক্লাবটি এবার ইউরোপসেরার মঞ্চে ঘুরে দাঁড়াতে মরিয়া। লক্ষ্য তাদের ২০১৮-১৯ মৌসুমের পর সেমিফাইনালে পা রাখা। পরিসংখ্যানেও বার্সেলোনা কিছুটা এগিয়ে; অ্যাথলেটিকোর মাঠে শেষ ছয় সফরের পাঁচটিতেই তারা জয়ী হয়েছে। 

দলের চোট এবং ফিটনেস পরিস্থিতি নিয়ে দুই শিবিরেই রয়েছে মিশ্র খবর। অ্যাথলেটিকো শিবিরে স্বস্তির সুবাতাস বইছে গোলরক্ষক ইয়ান ওবলাক ও ডিফেন্ডার জনি কারডোসো অনুশীলনে ফেরায়। তবে ডেভিড হাঙ্কো, হোসে গিমেনেজ এবং পাবলো ব্যারিওসকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে এবং মার্ক পুবিল থাকছেন নিষেধাজ্ঞার কবলে। 

অন্যদিকে বার্সেলোনা পাচ্ছে না রাফিনহা ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে। মার্ক বার্নাল এবং জেরার্ড মার্টিনের খেলার বিষয়টি শেষ মুহূর্তে মূল্যায়িত হবে। এ ছাড়া প্রথম লেগে লাল কার্ড দেখায় এই ম্যাচে মাঠের বাইরে থাকতে হচ্ছে রক্ষণভাগের অন্যতম ভরসা পাউ কুবার্সিকে। 

বার্সেলোনার মতো একই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগের আরেক কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠ অ্যানফিল্ডে পিএসজিকে আতিথ্য দেবে লিভারপুল। প্রথম লেগে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।  অ্যানফিল্ডের সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনের গল্প সাত বছর পুরোনো, যেখানে বার্সেলোনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল লিভারপুল। ঘরের মাঠে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় এবং ১৫ গোল করার পরিসংখ্যান লিভারপুল সমর্থকদের মনে অলৌকিক কিছুর আশা জাগাচ্ছে।

লুইস এনরিকের অধীনে পিএসজি এখন দারুণ ছন্দে। শেষ পাঁচ ম্যাচের সবকটিতে জয় পাওয়া দলটি এবারের মৌসুমেও ‘ডাবল’ জয়ের পথে বেশ ভালোভাবেই টিকে আছে। প্রতিপক্ষের মাঠেও তারা সমান ভয়ংকর; শেষ চার অ্যাওয়ে ম্যাচের সবকটিতে জয় এবং তিনটিতে গোল হজম না করার রেকর্ড ফরাসি ক্লাবটির আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে।

তবে ইনজুরি সমস্যায় বেশ জর্জরিত লিভারপুল শিবির। ফুলহ্যামের বিপক্ষে জয়ের ম্যাচে কুঁচকির চোটে পড়ে মাঠ ছাড়েন কার্টিস জোন্স, যার এই ম্যাচে খেলা প্রায় অসম্ভব। আগে থেকেই চোটের তালিকায় আছেন অ্যালিসন বেকার, ওয়াতারু এন্দো, জিওভানি লিওনি এবং কোনর ব্র্যাডলি। 

পিএসজি শিবিরে নতুন কোনো চোটের খবর নেই, উল্টো ব্র্যাডলি বারকোলা ফিট হয়ে ফেরায় এনরিকের শক্তি আরও বেড়েছে। কেবল ফাবিয়ান রুইজ হাঁটুর চোটের কারণে থাকছেন মাঠের বাইরে।

সময়ের আলো/আআ



  বিষয়:   বার্সা  লিভারপুল  অগ্নিপরীক্ষা  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: