চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ২১ এপ্রিল থেকে। পরীক্ষাকে ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম না ঘটে, সে লক্ষ্যে প্রকাশ করা হয়েছে নতুন নীতিমালা-২০২৬। এতে শুধু পরীক্ষার্থীদের নয়, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের জন্যও দেওয়া হয়েছে কড়া নির্দেশনা।
নতুন নির্দেশনায় পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- নিজ নিজ আসনে অবস্থান বজায় রাখা। কোনো প্রশ্ন থাকলে পরীক্ষার্থী নিজে থেকে এগিয়ে যেতে পারবে না; বরং কক্ষ পর্যবেক্ষক তার কাছে না আসা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। পরীক্ষার সময় অযথা নড়াচড়া বা আসন ত্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ।
উপস্থিতির তালিকায় পরীক্ষার্থীদের সঠিক বিষয় উল্লেখ করে স্বাক্ষর নিশ্চিত করা বাধ্যতামূলক করা হয়েছে। কোনো পরীক্ষার্থী অনুপস্থিত বা বহিষ্কৃত হলে তা স্পষ্টভাবে লাল কালিতে উল্লেখ করতে হবে। এ ক্ষেত্রে সামান্য ভুলও ফলাফল প্রকাশে জটিলতা তৈরি করতে পারে এবং তার দায় নিতে হবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকেই।
আরও পড়ুন
পরীক্ষাকক্ষে নকল বা অসদুপায় রোধে কক্ষ পর্যবেক্ষকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তারা নিয়মিত পরীক্ষার্থীদের সতর্ক করবেন এবং কোনো অনিয়ম চোখে পড়লে দ্রুত কেন্দ্রসচিব বা হল সুপারকে জানাবেন। দায়িত্ব পালনকালে অন্য কোনো কাজে ব্যস্ত থাকা বা মনোযোগ হারানো সম্পূর্ণ নিষিদ্ধ।
কক্ষ পর্যবেক্ষক বা দায়িত্বপ্রাপ্ত কেউ যদি কর্তব্যে অবহেলা করেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এমনকি পরীক্ষার সময় অপ্রয়োজনীয় কথা বলা বা পরীক্ষার্থীদের সঙ্গে অপ্রাসঙ্গিক যোগাযোগও নিষিদ্ধ।
পরীক্ষা শেষে প্রতিটি উত্তরপত্র যথাযথভাবে সংগ্রহ ও যাচাই করা বাধ্যতামূলক। কোনো পরীক্ষার্থী যেন খাতা জমা না দিয়ে বের হয়ে যেতে না পারে, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। উপস্থিতির তালিকার সঙ্গে মিলিয়ে নিশ্চিত করতে হবে- সব পরীক্ষার্থীর উত্তরপত্র জমা হয়েছে।
এএডি/