চ্যাম্পিয়নস লিগের মঞ্চে রূপকথা লিখলো বায়ার্ন মিউনিখ। রিয়াল মাদ্রিদকে গোলবন্যার ম্যাচে ৪-৩ ব্যবধানে (দুই লেগ মিলিয়ে ৬-৪) হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে জার্মান জায়ান্টরা।
বুধবার (১৫ এপ্রিল) রাতের আলিয়াঞ্জ অ্যারেনা সাক্ষী হলো এক অবিশ্বাস্য মহাকাব্যের। ইউরোপসেরার লড়াই থেকে গতবারের রানার্সআপদের বিদায় করে বায়ার্ন এখন শেষ চারের লড়াইয়ে পিএসজির মুখোমুখি হবে।
ম্যাচের শুরুটা ছিল যেন কোনো থ্রিলার মুভির মতো। কিক-অফের মাত্র ৩৬ সেকেন্ডের মাথায় বায়ার্ন কিংবদন্তি ম্যানুয়েল ন্যায়ারের এক অবিশ্বাস্য ভুলে বল পেয়ে যান রিয়ালের তরুণ তুর্কি আরদা গুলের। নিখুঁত দূরপাল্লার শটে গোল করে পুরো গ্যালারিকে স্তব্ধ করে দেন তিনি। তবে বায়ার্ন দমে যাওয়ার পাত্র নয়। জসুয়া কিমিচের কর্নার থেকে দারুণ এক হেডে সমতা ফেরান তরুণ আলেকজান্ডার পাভলোভিচ। এরপর শুরু হয় গোলের লড়াই:
৩০ মিনিট: আরদা গুলেরের ফ্রি-কিক থেকে রিয়ালের দ্বিতীয় গোল।
৩৯ মিনিট: বক্সে জটলার সুযোগ নিয়ে হ্যারি কেইনের সমতাসূচক গোল।
বিরতির আগে: ভিনিসিউসের সাজানো বল থেকে রিয়ালকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন কাইলিয়ান এমবাপ্পে।
আরও পড়ুন
দ্বিতীয়ার্ধে এমবাপ্পে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করলে চাপে পড়ে যায় রিয়াল। ম্যাচের মোড় পুরোপুরি ঘুরে যায় ৮৭ মিনিটে, যখন এদুয়ার্দো কামাভিঙ্গা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের রিয়ালকে পেয়ে ক্ষুধার্ত বায়ার্ন ঝাঁপিয়ে পড়ে।
৯০ মিনিটে কলম্বিয়ান তারকা লুইস দিয়াজের দূরপাল্লার বুলেট গতির শট রিয়ালের জাল কাঁপিয়ে ম্যাচ ৩-৩ সমতায় আনে। তবে তখনও নাটকের শেষ অঙ্ক বাকি ছিল। অতিরিক্ত সময়ে মাইকেল অলিসের সেই জাদুকরী ‘কার্লিং শট’ গোলরক্ষককে পরাস্ত করলে অবিশ্বাস্য ৪-৩ গোলের জয় নিশ্চিত হয় বায়ার্নের।
বায়ার্নের এই জয়ের রাতে অন্য ম্যাচে আর্সেনাল গোলশূন্য ড্র করেও সেমিফাইনালে পৌঁছে গেছে। আগামী সেমিফাইনাল লড়াইয়ে ফুটবল বিশ্ব দেখবে দুটি হাই-ভোল্টেজ দ্বৈরথ- বায়ার্ন মিউনিখ বনাম পিএসজি এবং আর্সেনাল বনাম অ্যাতলেটিকো মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের বিদায়ে এবারের চ্যাম্পিয়নস লিগ এক নতুন রোমাঞ্চের অপেক্ষায়।
এএডি/