বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হবে আজ (শুক্রবার)। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান।
রুহুল কবির রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপ্রত্যাশীদের অনেকেই ফরম জমা দিয়েছেন। সে প্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড শুক্রবার বেলা ৩টা থেকে সাক্ষাৎকার গ্রহণ করবে। চলবে শনিবার বেলা ৩টা পর্যন্ত।
মনোনয়ন বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
রুহুল কবির রিজভী জানান, শুক্রবার প্রথম দিনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ এবং শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য গত শুক্রবার থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করে বিএনপি। টানা তিন দিনব্যাপী এ কর্মসূচি গত রোববার শেষ হয়। দলের নারী নেত্রীদের মধ্যে এতই প্রতিযোগিতা চলছে যে, মনোনয়ন কিনতে গিয়ে বিরূপ পরিস্থিতির মুখে পড়তে হয় সংগীতশিল্পী কনকচাঁপাকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সব মিলিয়ে প্রায় ৯০০টি মনোনয়নপত্র জমা পড়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে; বাছাই ২২ এপ্রিল ও ২৩ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং ভোট হবে ১২ মে।
বিদ্যমান আইন অনুযায়ী, ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র জোট ১টি আসনে পাবে।
এফআর