‘প্রিন্স’-এর পর নতুন সিনেমা নিয়ে আসছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। ‘রকস্টার’ নামের এই সিনেমাটি মুক্তি পাবে ঈদুল আজহায়।
একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। শুরু থেকেই দর্শকের কৌতূহল- কে হচ্ছেন এই সিনেমার নায়িকা? অবশেষে প্রকাশ্যে এলো তার পরিচয়। সিনেমাটির নতুন পোস্টারে শাকিব খানের সঙ্গে দেখা গেছে সাবিলা নূরকে।
সম্প্রতি সামাজিকমাধ্যমে পোস্টারটি শেয়ার করেছেন শাকিব খান। তাতে দেখা যায়, প্রকৃতির সবুজে ঘেরা পরিবেশে রোমান্টিক আবহ। নায়কের ড্র্যাডলক হেয়ার স্টাইল ও ট্যাটু করা ‘রকস্টার’ শাকিব খানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন সাবিলা নূর আর সেই স্পর্শে ডুবে থাকা শাকিবও চোখ বন্ধ করে অনুভব করছেন মুহূর্তটি। পোস্টারের ক্যাপশনে মেগাস্টার লিখেছেন, জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে...।
এটি শাকিব-সাবিলা জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে গত বছর মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় প্রথমবার পর্দায় জুটি হয়েছিলেন তারা। গত মাসে মালয়েশিয়ায় শুটিং শুরু হওয়ার পর বর্তমানে দেশের বিভিন্ন লোকেশনে চলছে রকস্টারের শুটিং। বড় বাজেটের এই সিনেমাটি আগামী ঈদুল আজহায় দেশজুড়ে মুক্তি পাবে। সেই পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছে এর কাজ।
আরও পড়ুন
এর আগে গত ২৮ মার্চ শাকিব খানের জন্মদিনে প্রকাশ পেয়েছিল রকস্টার সিনেমার প্রথম পোস্টার। চোখে কালো সানগ্লাস, পায়ে স্নিকার্স, শরীরজুড়ে ট্যাটু, পরনে হাফপ্যান্ট, গলায় মোটা চেইন, চোখে সানগ্লাস; পিচঢালা পথে পা ছড়িয়ে বসে দৃষ্টি স্থির দূরে কোথাও- এমন পোজে হাজির হয়েছিলেন ওই পোস্টারে।
রকস্টার নির্মিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে। সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। তিনি জানান, শাকিব খানের আইডিয়ায় নির্মিত হচ্ছে রকস্টার। তিনিই এমন একটি চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন পরিচালকের কাছে। তারপর রকস্টার সিনেমার গল্প লেখা হয়।
রুশো বলেন, সিনেমা নিয়ে যখন প্রাথমিক আলাপ হচ্ছিল, তখন একদিন শাকিব ভাই আমাকে বললেন, পর্দায় তিনি রকস্টার হতে চান। তার কথা শুনে মনে হচ্ছিল, যেন স্বপ্ন সত্যি হলো। কারণ নির্মাণে আসার আগে আমি মিউজিশিয়ান ছিলাম। সে সময় মিউজিশিয়ানদের জীবন নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করতাম। তাদের জীবনের ঘটনা শুনে চমকে উঠতাম। তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি। এবার তেমন একটি গল্প পর্দায় দেখানোর সুযোগ পেলাম।
এএডি/