বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে নিজস্ব কৌশলগত মজুদ থেকে আরও ২ কোটি ৬০ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল ৯টি জ্বালানি সংস্থাকে ঋণ হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ। লুইজিয়ানার ওয়েস্ট হ্যাকবেরি সাইট থেকে এই তেল সরবরাহ করা হবে।
প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সম্মিলিত উদ্যোগের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন বিশ্ববাজারে তেলের যোগান স্বাভাবিক রাখতে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ের যে প্রতিশ্রুতি দিয়েছিল, এটি তার তৃতীয় কিস্তি।
মার্কিন জ্বালানি বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাম্প প্রশাসন এ পর্যন্ত তিন দফায় মোট ১২ কোটি ৬০ লাখ ব্যারেল তেল শিল্পখাতে বিতরণ করেছে। এবারের কিস্তিতে ‘বিপি প্রোডাক্টস নর্থ আমেরিকা’, ‘এক্সন মবিল অয়েল কর্পোরেশন’ এবং ‘ম্যারাথন পেট্রোলিয়াম’-এর মতো শীর্ষস্থানীয় জ্বালানি সংস্থাগুলো এই লোন গ্রহণ করছে।
হাইড্রোকার্বন এবং জিওথার্মাল এনার্জি দপ্তরের সহকারী সচিব কাইল হাউস্টভেইট বলেন, এই জরুরি বিনিময়ের মাধ্যমে আমরা যেমন নিকটমেয়াদী জ্বালানি চাহিদা মেটাচ্ছি, তেমনি দীর্ঘমেয়াদে আমাদের কৌশলগত মজুদকেও শক্তিশালী করছি। বিশেষ বিষয় হলো, কোম্পানিগুলো যখন প্রিমিয়াম ব্যারেলগুলো ফেরত দেবে, তখন সাধারণ করদাতাদের কোনো অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না। এটি মার্কিন জনগণের জন্য অর্থবহ একটি পদক্ষেপ।
/কহু