সারাদেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও সুশৃঙ্খল করতে কিউআর কোড ভিত্তিক ‘ফুয়েল পাশ বিডি’ অ্যাপের পাইলটিং কার্যক্রমের পরিধি বাড়িয়েছে সরকার। এখন থেকে ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশালসহ দেশের গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু জেলার নিবন্ধিত মোটরসাইকেল এই সিস্টেমের আওতায় আসতে পারবে। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা ও ঢাকা মেট্রো ছাড়াও এখন থেকে চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ জেলায় নিবন্ধিত মোটরসাইকেলগুলো ফুয়েল পাশ বিডি সিস্টেমে নিবন্ধনের সুযোগ পাবে। এর পাশাপাশি ঢাকা জেলার ১৮টি পেট্রোল পাম্পে আজ থেকেই পাইলটিং কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।
এর আগে গত ৯ এপ্রিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরীক্ষামূলকভাবে এই অ্যাপটি চালু করে। প্রাথমিকভাবে শুধুমাত্র মোটরসাইকেল মালিক ও চালকদের জন্য এই ডিজিটাল পদ্ধতি উন্মুক্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট পাম্পগুলোতে সফলভাবে পাইলটিং সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে ‘ফুয়েল পাশ’ অ্যাপটি দেশের সব জেলার সব ধরনের যানবাহনের জন্য বাধ্যতামূলক ও উন্মুক্ত করা হবে। এর ফলে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং তদারকি আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সময়ের আলো/কহু