ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একক অবস্থান নিয়েছেন এক সাবেক নেতা। রোববার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে এ দাবি জানান তিনি।
ওই ঘটনার একটি ছবি এদিন দুপুর সাড়ে ১২টায় চবি ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক রুবেলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দেওয়া হয়।
পোস্টে দেখা যায়, প্ল্যাকার্ড হাতে একাই শহিদ মিনার চত্বরে অবস্থান নিয়েছেন চবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ওয়াহিদুল আলম।
তার হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার কর, করতে হবে’, ‘রাজনৈতিক রাজবন্দিদের মুক্তি চাই, দিতেই হবে’- ‘প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ’।
খোঁজ নিয়ে জানা গেছে, আন্দোলনকারী ছাত্রলীগে নেতা ওয়াহিদুলের বাড়ি ক্যাম্পাস সংলগ্ন জোবরা গ্রামে। এর আগেও তিনি তার গ্রামে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করেছেন। এমনকি তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলায় ঘটনায় মামলাও ছিল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কোরবান আলী বলেন, ঘটনাটি জানেছি। শহীদ মিনার এলাকার সিসিটিভি ফুটেজকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তার পরিচয় শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এফআর