দেশের জ্বালানি তেলের বাজার ও সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ডিজেলবাহী দুটি বড় জাহাজ। বর্তমানে বন্দরের ডলফিন জেটিতে জাহাজ দুটি থেকে তেল খালাসের কাজ চলছে। সোমবার (২০ এপ্রিল) জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে ভিড়েছে বলে বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বন্দর সূত্রে জানা গেছে, প্রায় ৩৫ হাজার টন ডিজেল নিয়ে আসা ‘এমটি ওকট্রি’ এবং প্রায় ৩৩ হাজার টন ডিজেলবাহী ‘এমটি কেপ বনি’ থেকে জ্বালানি খালাস করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, এই দুটি ছাড়াও নতুন করে আরও তিনটি জাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। এর মধ্যে রয়েছে ৪১ হাজার টন ডিজেলবাহী ‘এমটি লিয়ান সং হু’, ৩৩ হাজার টন ডিজেলবাহী ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ এবং ২৭ হাজার টন অকটেনবাহী ‘এমটি নাভে চিয়েলো’।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে এসব জাহাজ থেকে জ্বালানি খালাস করে দেশের বিভিন্ন ডিপোতে পাঠানো হবে। নতুন এই চালানগুলো যুক্ত হওয়ায় দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি আরও নিরবচ্ছিন্ন ও স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।
/কহু