এসএসসি পরীক্ষার প্রথম দিনেই দেখা গেল ভিন্ন চিত্র- পরীক্ষা শুরুর অনেক আগেই কেন্দ্রে পৌঁছে যাচ্ছে শিক্ষার্থীরা, আর কর্তৃপক্ষও খুলে দিচ্ছে গেট।
মঙ্গলবার (২১ এপ্রিল) নির্ধারিত সময় সকাল ১০টা হলেও, সকাল সাড়ে ৮টা থেকেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে, যাতে শেষ মুহূর্তের ভিড় ও চাপ এড়ানো যায়।
রাজধানীর উত্তরার রাজউক মডেল কলেজের কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল ৮টার পর থেকেই শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। গেটের সামনে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যরা সক্রিয় অবস্থানে ছিলেন এবং পরীক্ষার্থীদের সারিবদ্ধভাবে ভেতরে প্রবেশ করানো হয়।
আরও পড়ুন
কেন্দ্রের আশপাশে মাইকিং করে বারবার গুরুত্বপূর্ণ নির্দেশনা জানানো হচ্ছে। শিক্ষার্থীদের মোবাইল ফোন, স্মার্ট ওয়াচসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বাইরে রাখার কথা বলা হয়েছে। একইসঙ্গে শুধুমাত্র প্রয়োজনীয় উপকরণ- এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেন্সিল-স্বচ্ছ ফাইলের মধ্যে বহনের নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিভাবকদের ক্ষেত্রেও রয়েছে কড়াকড়ি। সন্তানকে কেন্দ্রে পৌঁছে দিয়ে দ্রুত সরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে, যাতে গেটের সামনে অযথা ভিড় না হয়।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আগেভাগে কেন্দ্রে প্রবেশের এই ব্যবস্থা পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে সহায়ক হবে।
বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। এরপর জুন মাসে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
এএডি/