জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ।
সোমবার (৩১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দফতর থেকে প্রকাশিত এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল ৩১ আগস্ট প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৮১টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের গড় পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল আজ বিকেল ৫টা থেকে পাওয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ জানান, ৪৭ কর্মদিবসের মধ্যে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফল প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন দৃষ্টান্ত। শিক্ষার্থীদের সময় ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে পরীক্ষা গ্রহণ থেকে ফল প্রকাশ পর্যন্ত প্রতিটি কার্যক্রমকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য। এই অর্জনের পেছনে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা রয়েছে। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সময়ের আলো/কেএইচও