মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি আকস্মিকভাবে উপজেলার জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন।
জানা যায়, মন্ত্রীর এই সফরটি ছিল সম্পূর্ণ অঘোষিত। কোনো প্রকার আনুষ্ঠানিক প্রোটোকল ছাড়াই সাধারণ ভঙ্গিতে তিনি কেন্দ্রে প্রবেশ করেন। এমনকি সরকারি গাড়ির পতাকা ঢাকা থাকায় কেন্দ্র সংশ্লিষ্ট কেউ মন্ত্রীর আগমনের বিষয়টি টেরও পাননি।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী পরীক্ষার হলের সার্বিক পরিবেশ ও কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুটি কক্ষের দায়িত্বে থাকা পরিদর্শকদের কার্যক্রমে শিথিলতা ও অবহেলা দেখে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। মন্ত্রী তাৎক্ষণিকভাবে ওই দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার গুণগত মান ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কোনো ধরনের আপস করা হবে না। কেন্দ্রগুলোতে শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের নজরদারি আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
/কহু