নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি যুক্তরাষ্ট্রে নিখোঁজ রয়েছেন। চার দিন ধরে তার কোনো খোঁজ না মেলায় উদ্বেগ বাড়ছে পরিবার, সহপাঠী ও সংশ্লিষ্টদের মধ্যে।
জানা গেছে, তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় স্নাতকোত্তর (এমএসসি) পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। চার দিন আগে এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ হন। এরপর থেকে বৃষ্টি ও তার সঙ্গে থাকা ওই সহপাঠীর মোবাইল ফোন বন্ধ রয়েছে।
সহপাঠী ও বিভাগীয় সূত্র জানায়, নিখোঁজ হওয়ার পরপরই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয় পুলিশ ও স্টেট পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে বৃষ্টির সর্বশেষ অবস্থান ক্যাম্পাসের ভেতরে শনাক্ত করা হলেও এরপর তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে বিষয়টি মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলকে অবহিত করা হয়েছে। কনস্যুলেট সূত্র জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) কে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিকটবর্তী হাসপাতাল, বিমানবন্দর ও ডিটেনশন সেন্টারগুলোতে খোঁজ নিয়েও এখন পর্যন্ত কোনো তথ্য পায়নি।
নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, গত বৃহস্পতিবার সর্বশেষ বৃষ্টির সঙ্গে তাদের কথা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সহপাঠীদের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবার পুলিশকে অবহিত করে এবং যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছে।
পরিবার, সহপাঠী ও বন্ধু-বান্ধব বৃষ্টির নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। কেউ তার সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সময় যত গড়াচ্ছে পরিস্থিতি ততই উদ্বেগজনক হয়ে উঠছে।