জীবনমুখী গল্প নিয়ে কাজ করা উচিত

মাসুদুর রহমান

আনন্দ সময়

পহেলা বৈশাখে মুক্তি পেয়েছে চরকি অরিজিনাল ফিল্ম ‘চা গরম’। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় চরকি ও অক্সফামের যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করেছেন

2026-04-23T01:19:57+00:00
2026-04-23T01:19:57+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
আনন্দ সময়
জীবনমুখী গল্প নিয়ে কাজ করা উচিত
মাসুদুর রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১:১৯ এএম 
অভিনেত্রী সাফা কবির। ছবি : সংগৃহীত
পহেলা বৈশাখে মুক্তি পেয়েছে চরকি অরিজিনাল ফিল্ম ‘চা গরম’। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় চরকি ও অক্সফামের যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত। এর মাধ্যমে বেশ লম্বা সময় পর ওটিটিতে ফিরলেন ছোটপর্দার অভিনেত্রী সাফা কবির। অন্যদিকে তার অভিনীত একাধিক নাটক প্রশংসিত হয়েছে এবারের ঈদে। সম্প্রতি এই অভিনেত্রীর আলোচিত কাজ, বর্তমান ব্যস্ততা ও অভিনয়ের নানা বিষয় তুলে ধরেছেন দৈনিক সময়ের আলোর কাছে।

পোস্টার, ট্রেলার-টিজারে ব্যাপক আগ্রহ বাড়িয়েছিল চা গরম। ১৪ এপ্রিল মুক্তির পর ফিল্মটি দেখে মুগ্ধ হয়েছেন প্রায় প্রতিটি দর্শক। সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন আলোচনা চলছে চা গরম নিয়ে। ফিল্মটিতে মূলত উপস্থাপিত হয়েছে চা বাগানের শ্রমিকদের প্রাত্যহিক জীবন, অধিকার, তাদের জীবনমানের কিছু কিছু অংশ। এতে অভিনয় করে প্রশংসায় ভাসছেন সাফা কবির। তিনি বলেন, ‘কাজটি করে ভীষণ সাড়া পাচ্ছি। দর্শকদের ভালোবাসায় সত্যিই আমি মুগ্ধ। এই ভালোবাসা আমাকে আরও ভালো কাজে প্রেরণা জোগাবে।’

গল্প, নির্মাণের পাশাপাশি দর্শকদের নজর কেড়েছে চা গরমের প্রতিটি চরিত্র। এতে আইরিন চরিত্রে নিজেকে মেলে ধরেছেন সাফা কবির। নিজের চরিত্র সম্পর্কে সাফা কবির বলেন, ‘এখানে আমি একজন ইন্টার্ন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছি। চা বাগানে ইন্টার্ন করতে গিয়েই আমার আই ওপেনিং হয়ে এবং আমার মধ্য দিয়েই গল্পটা বলা হয়েছে।’
আরও পড়ুন

নাটকে নিয়মিত অভিনয় করলেও ওটিটিতে খুব বেশি কাজ করেননি সাফা কবির। ভিকি জাহেদের ‘টিকিট’ ওয়েব সিরিজের পর তাকে আর দেখা যায়নি ওটিটির নতুন কনটেন্টে। প্রস্তাব পেলেও অভিনয় করেননি, অপেক্ষায় ছিলেন মানসম্মত কাজের। চা গরম ফিল্মের প্রতি আগ্রহ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘গল্পটিও আমার কাছে খুব শক্তিশালী লেগেছে। এটি আমাদের সমাজের এমন একটি দিককে তুলে ধরেছে, যেটি আমরা অনেক সময় দেখি না, কিন্তু খুব কাছেই থাকে। এ বিষয়টাই আমাকে এই কাজের অংশ হতে অনুপ্রাণিত করেছে। এ ছাড়া পরিচালক শঙ্খ দাশগুপ্তের কাজের প্রতি আমার অনেক আগ্রহ। তিনি সবসময়ই ভিন্ন ধরনের গল্প বলেন এবং তার কাজের মধ্যে একটা স্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকে।’

এর আগেও বাংলাদেশে চা বাগানের ভেতরকার জীবনের গল্প নিয়ে বিভিন্ন ধরনের নাটক, সিনেমা তৈরি হয়েছে। সাফা কবির নিজেও অভিনয় করেছেন এমন নাটকে। তবে চা গরম ফিল্মের কাজটি নিয়ে তার উপলব্ধি অন্যরকম। অভিনেত্রীর ভাষ্যমতে, ‘চা বাগানের শ্রমিকদের জীবনের আবেগ-অনুভূতি, সুখ-দুঃখ, হাসি-কান্না, প্রেম-ভালোবাসা, জীবনের ভয়াবহতা, নির্মমতা এর আগে কোনো নাটকে তুলে ধরা হয়েছে কি না আমার জানা নেই। তবে এই ওয়েব ফিল্মে তা নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে।’

আলোচিত এই ফিল্মের শুটিং হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে। অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে সাফা কবির বলেন, ‘এর আগেও আমি চা বাগানে নাটকের কাজ করেছি। কিন্তু সেসব নাটকে চা বাগানের জীবনের গল্প বোঝাতে চা বাগানটা শুধুই ব্যাকড্রপ হিসেবে ছিল। কিন্তু এই ফিল্মে কাজ করতে গিয়ে চা বাগানের শ্রমিকদের জীবনকে খুব কাছ থেকে দেখেছি। তাদের জীবনযাত্রা দেখে আমার মনে পড়ে যায় কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা। তিনি পদ্মা নদীর মাঝি গল্পে লিখেছিলেন, ঈশ্বর থাকেন ওই ভদ্র পল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। চা বাগানের শ্রমিকদের জীবনযাত্রা সত্যিই খবু কষ্টের।’

চা গরম ফিল্ম ছাড়াও সম্প্রতি নাটক নিয়ে আলোচনায় সাফা কবির। গত ঈদে তার অভিনীত বেশ কয়েকটি নাটক দর্শক মহলে সাড়া ফেলেছে। যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো ‘মৎস্যকন্যা’। রোমান্টিক, কমেডি, সিরিয়াস গল্পের পর নিরীক্ষাধর্মী এই নাটকের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন সাফা। সেরনিয়াবাত শাওন পরিচালিত নাটক নিয়ে অভিনেত্রী বলেন, ‘এর মাধ্যমে নিরীক্ষাধর্মী একটি নাটক অভিনয়জীবনে যোগ হয়েছে। নাটকের মৎস্যকন্যা চরিত্রে দেখা গেছে আমাকে। এটির জন্য মারমেইডের একটা কস্টিউম ব্যবহার করা হয়েছে। 

মারমেইডের কস্টিউম পরে সাঁতার কাটাও খুব চ্যালেঞ্জিং। একদিন টানা ছয় ঘণ্টা এই পোশাক পরে থাকতে হয়েছে। মারমেইডের পোশাক পরে ঝাঁপ দিয়ে সাগরে ডুব দেওয়ার জন্য মানসিকভাবে তৈরি ছিলাম। পরিচালকসহ ইউনিটের সবাইকে বলেছিলাম, যদি ভেসেও যাই, মরেও যাই, আমি শটটা দিতে চাই। দর্শকদের নতুন কিছু উপহার দিতেই এমন চ্যালেঞ্জ নেওয়া। নাটকটি প্রচারে আসার পর দর্শক গ্রহণ করেছেন এ জন্য খুব ভালো লাগছে।’

মৎস্যকন্যা প্রচারে আসার এক মাস পূর্ণ না হলেও ইতিমধ্যে ৩৫ লাখেরও বেশি দর্শক উপভোগ করেছেন নাটকটি। ঈদের আরও বেশ কয়েকটি নাটক ভিউয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন। নাটকে ভিউ প্রসঙ্গে সাফা কবিরের মন্তব্য, ‘ভিউ দেখে নাটকের মান নির্ণয় না হলেও এর কিছুটা গুরুত্ব আছে। দর্শক নাটক দেখছেন বলেই ভিউ হচ্ছে। ভিউয়ের দৌড়ে সাধারণ কমেডি-রোমান্টিক ঘরানার নাটকই এগিয়ে থাকে। কিন্তু ভিন্ন গল্পের নাটকও দর্শকদের দেখা উচিত। ভিন্ন গল্পের পাশাপাশি সমাজ সচেতন, পারিবারিক দায়বদ্ধতার অনেক বিষয় উঠে আসে। তবে খুব কম নির্মাতা জীবনমুখী গল্প তুলে ধরতে সাহস করেন। এমন নাটক একেবারেই কম নির্মাণ হয়। ভিউ কম হলেও নির্মাতাদের জীবনমুখী গল্প নিয়ে কাজ করা উচিত। প্রযোজকদেরও বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া দরকার। নাটক যেন শুধু ভিউয়ের জন্য নির্মাণ না হয়।’

সাফা বর্তমানে ঈদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। নতুন একটি নাটকের শুটিংয়ে অবস্থান করছেন ঢাকার বাইরে। তবে সেই কাজ নিয়ে আগে কিছু প্রকাশ করতে চাননি তিনি। শুধু জানিয়েছেন ঈদে নতুন কিছু নিয়ে আসছেন এই অভিনেত্রী।

ক্যারিয়ারে দীর্ঘ সময় পার করেছেন সাফা কবির। চাহিদা থাকলেও বর্তমানে খুব কম কাজ করছেন তিনি। পছন্দমতো গল্প না হলে অভিনয় করছেন না তিনি। এ নিয়ে সাফা বলেন, এ পর্যন্ত অনেক গল্প ও চরিত্রে অভিনয় করেছি। তবে বর্তমানে গতানুগতিক গল্পের বাইরে বেছে বেছে কাজ করছি। সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দিচ্ছি। দর্শক আগে কখনো আমাকে দেখেনি এমন গল্পে কাজ করতে চাই।’

ছোটপর্দায় সাফল্য পেলেও বড়পর্দায় আজও দেখা যায়নি এই অভিনেত্রীকে। তার সমসাময়িক অনেকেই সিনেমায় অভিনয় করছেন। সাফা কবিরকে কবে দেখা যাবে প্রেক্ষাগৃহের রুপালি পর্দায়? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমিও সিনেমায় অভিনয় করতে ইচ্ছুক। কিন্তু নিজেকে যেভাবে সিনেপর্দায় উপস্থাপন করতে চাই সেভাবে মিলছে না। প্রস্তাব এলেও মনের মতো হচ্ছে না বলে কাজ করছি না। সময় লাগলেও মানসম্মত কাজ নিয়ে বড়পর্দায় হাজির হতে চাই। নাটক-ওটিটি প্ল্যাটফর্মের মতো দর্শকদের ভালোবাসা চাই সিনেমাতেও।’

এএডি/


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: