দিনাজপুরের হাকিমপুর (হিলি) এলাকায় পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক স্বামী-স্ত্রীসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, পৌর শহরের বাসুদেবপুর এলাকার রেজাউল করিমের ছেলে মো. জহুরুল ইসলাম এবং তার স্ত্রী মোছা. রুমি বেগম (উর্মি)।
এছাড়া হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা ও ওসি মো. জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অপরাধে আরও দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার সলিম মিয়ার ছেলে হাবু মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং হাকিমপুরের সাতকুড়ি এলাকার ইউনুস আলীর ছেলে ফারুক হোসেনকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ওসি মো. জাকির হোসেন আরও জানান, গ্রেফতারকৃত পলাতক আসামিদের আইনি প্রক্রিয়া শেষে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
হাকিমপুর থানাকে শতভাগ মাদকমুক্ত রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।