সিরিজ জয়ে সহজ হলো বিশ্বকাপের সমীকরণ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

একসময় যেখানে শঙ্কাই ছিল বড়, এখন সেখানে আশার আলো স্পষ্ট। টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতে নতুন আত্মবিশ্বাসে এগিয়ে চলেছে বাংলাদেশ।

2026-04-25T05:24:42+00:00
2026-04-25T05:33:24+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
সিরিজ জয়ে সহজ হলো বিশ্বকাপের সমীকরণ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:২৪ এএম  আপডেট: ২৫.০৪.২০২৬ ৫:৩৩ এএম
সিরিজ জয়ের পর মেহেদী হাসান মিরাজ। সংগৃহীত ছবি
একসময় যেখানে শঙ্কাই ছিল বড়, এখন সেখানে আশার আলো স্পষ্ট। টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতে নতুন আত্মবিশ্বাসে এগিয়ে চলেছে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সে বদলে গেছে সমীকরণ- ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে এখন অনেকটাই এগিয়ে মেহেদী হাসান মিরাজের দল।

আইসিসির নির্ধারিত নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। এর সঙ্গে স্বাগতিক দুই দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বয়ংক্রিয়ভাবে খেলবে মূলপর্বে। দক্ষিণ আফ্রিকা বর্তমানে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকায় তাদের ছিটকে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে কার্যত শীর্ষ ৯ দলের মধ্যেই থাকলেই সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে, রেটিং পয়েন্ট ৮৩। তাদের ঠিক পেছনেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে। তাই মূল লড়াইটা হচ্ছে এই দুদলের মধ্যেই। নির্ধারিত সময় পর্যন্ত ৯ম অবস্থান ধরে রাখতে পারলেই বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হবে টাইগারদের।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ধারাবাহিক সাফল্য এই লক্ষ্যকে করেছে অনেক বাস্তবসম্মত। শেষ তিনটি সিরিজেই জয় তুলে নেওয়া শুধু আত্মবিশ্বাসই বাড়ায়নি, র‌্যাঙ্কিংয়েও দিয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিশেষ করে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই সাফল্য ভবিষ্যতের জন্য বড় বার্তা।

তবে সামনে চ্যালেঞ্জও কম নয়। নির্ধারিত সময়ের আগে বাংলাদেশকে খেলতে হবে আরও দুটি ওয়ানডে সিরিজ- ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। দুই দলই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপরে অবস্থান করছে। তাই এই সিরিজগুলো কঠিন হলেও, পয়েন্ট হিসাবের দিক থেকে কিছুটা সুবিধাজনক অবস্থানেই থাকবে স্বাগতিকরা।

র‌্যাঙ্কিংয়ে ওপরে থাকা দলের বিপক্ষে হারলেও তুলনামূলক কম পয়েন্ট হারানোর সম্ভাবনা থাকে। আবার জিততে পারলে মিলবে বড় অর্জন। তাই এই দুই সিরিজে অন্তত একটি করে ম্যাচ জিততে পারলেও বাংলাদেশের জন্য লক্ষ্য অর্জন সহজ হয়ে যাবে।

সবচেয়ে বড় বিষয়, দুটি সিরিজই হবে দেশের মাটিতে। ঘরের কন্ডিশনে খেলার সুবিধা কাজে লাগাতে পারলে ভারত ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকেও চ্যালেঞ্জ জানাতে পারে বাংলাদেশ- এমন আত্মবিশ্বাস এখন দলের মধ্যে স্পষ্ট।
বর্তমান সমীকরণ অনুযায়ী, এমনকি সব ম্যাচ হারলেও বাংলাদেশের ৯ম অবস্থান ধরে রাখার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

তবে নিশ্চিন্ত থাকতে চাইলে অন্তত কিছু পয়েন্ট সংগ্রহ করতেই হবে। একসময় যেখানে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল, সেখানে এখন নিয়ন্ত্রণ অনেকটাই বাংলাদেশের হাতে। ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারলেই ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   সিরিজ  জয়  সহজ  বিশ্বকাপ  সমীকরণ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: