কয়েক মাস আগেও বিয়ের গুঞ্জনে বিরক্ত প্রকাশ করেছিলেন দক্ষিণি অভিনেত্রী আনুশকা শেঠি। তবে এবার পরিবার ও কাছের মানুষদের চাপে অবশেষে জীবনের নতুন অধ্যায়ের সম্মতি দিয়েছেন তিনি। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে। দুই পরিবারেই প্রস্তুতি শুরু হয়ে গেছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই নাকি তার পরিবার অভিনেত্রীকে বিয়ের জন্য অনুরোধ করে আসছিল। ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরেই চার হাত এক করার পরিকল্পনা রয়েছে আনুশকার।
জানা গেছে, বিয়েটা হতে পারে একেবারেই ঘরোয়া পরিবেশে, শুধু কাছের মানুষদের উপস্থিতিতে। যদিও এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি, তবে দুই পরিবারের মধ্যে আলোচনা বেশ এগিয়েছে বলেই ধারণা ঘনিষ্ঠ মহলের। এর আগে শোনা গিয়েছিল, এক চিকিৎসকের সঙ্গে সম্পর্কে রয়েছেন আনুশকা এবং তাকেই বিয়ে করতে চলেছেন তিনি।
তবে নতুন গুঞ্জন বলছে, ‘বাহুবলী’খ্যাত এই অভিনেত্রী এবার এক ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন। গত মার্চ মাসেও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেছিলেন আনুশকা। তার টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, অভিনেত্রীর বয়স ৪৪ বছরের বিষয়টি অযথা বড় করে দেখানো হচ্ছে।
বিবৃতিতে প্রশ্ন তোলা হয়, ‘৪৪ বছর বয়সে বিয়ে করা কি কোনো বিতর্কের বিষয়? যদি বয়সই এত গুরুত্বপূর্ণ হয়, তা হলে পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে এ নিয়ে আলোচনা হয় না কেন? নারীদের ক্ষেত্রেই কেন ভিন্ন মানদণ্ড?’
সেই সময় বিয়ের খবর নাকচ করলেও নতুন করে শুরু হওয়া জল্পনায় অনুরাগীদের ধারণা- হয়তো এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন আনুশকা শেঠি। আনুশকা শেঠি ২০০৫ সালে প্রথম সিনেমা করলেও সবার কাছে পরিচিত হন ২০০৬ সালের ‘ভিক্রামারকুদু’র জন্য। এই সিনেমায় তিনি রবি তেজার বিপরীতে অভিনয় করেন। এই অভিনেত্রী প্রচুর মালয়ালম, তামিল এবং তেলেগু সিনেমা করেছেন। তবে সবথেকে জনপ্রিয় সিনেমা হলো ‘অরুন্ধতী’ এবং ‘বাহুবলী’ সিরিজ।
দুটি ছবিই একাধিক ভাষায় রয়েছে। তেলেগু সিনেমা জগতে তিনি সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। মার্কিন বক্স অফিসে আনুশকা শ্রীদেবীর পরে দ্বিতীয় স্থানে রয়েছেন। আনুশকা শেঠি অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ঘাঁটি’। গত বছরের ৫ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। বর্তমানে তার হাতে মালয়ালম ভাষার ‘কাঠানার’ সিনেমার কাজ রয়েছে। এখন সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে মুক্তি পাবে এটি।