টি-টোয়েন্টিতেও অভিন্ন লক্ষ্য লিটনদের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু এই ম্যাচ শুধু আরেকটি আন্তর্জাতিক

2026-04-27T04:25:05+00:00
2026-04-27T04:25:05+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
খেলা
টি-টোয়েন্টিতেও অভিন্ন লক্ষ্য লিটনদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৪:২৫ এএম 
বাংলাদেশ প্রায় ১৪৬ দিন পর টি-টোয়েন্টি খেলতে নামছে। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু এই ম্যাচ শুধু আরেকটি আন্তর্জাতিক লড়াই নয়, বরং দুদলের জন্যই একেবারে নতুন করে শুরু করার গল্প। একদিকে দীর্ঘ বিরতির পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ, অন্যদিকে প্রায় নতুন চেহারার দল নিয়ে এসেছে নিউজিল্যান্ড। ফলে সিরিজের প্রথম ম্যাচেই থাকছে অজানা সমীকরণ, পরীক্ষা আর সম্ভাবনার মিশেল।

বাংলাদেশ প্রায় ১৪৬ দিন পর টি-টোয়েন্টি খেলতে নামছে। গত বছর মে থেকে ডিসেম্বর পর্যন্ত টানা ৩০টি টি-টোয়েন্টি খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছিল দলটি। সেই সময়ে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দলকে সিরিজে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল টাইগাররা। 

ব্যাটিংয়ে ছক্কার সংখ্যা বাড়ানো, পেস আক্রমণের ধার- সব মিলিয়ে দলটি তখন নতুন রূপে দেখা দিয়েছিল। তবে রাজনৈতিক কারণে বিশ্বকাপে অংশ নিতে না পারায় সেই প্রস্তুতির ধারাবাহিকতা থেমে যায়। এবার আবার নতুন করে শুরু করতে হবে লিটন দাসের নেতৃত্বাধীন দলকে। 

সামনে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ-এই লক্ষ্য নিয়েই গড়ে উঠবে পরবর্তী দুই বছরের পরিকল্পনা। সাম্প্রতিক ওয়ানডে সিরিজে ফিফটি পাওয়া লিটন আত্মবিশ্বাস নিয়ে নামবেন। তানজিদ হাসানও ভালো ফর্মে আছেন, আর সাইফ হাসানও ওপেনিংয়ে সম্ভাবনা দেখিয়েছেন। তবে বাকি ব্যাটারদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

দলে ফিরেছেন ইনজুরি কাটিয়ে পারভেজ হোসেন। তাওহীদ হৃদয়ের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও কিছু প্রশ্ন আছে। শামীম হোসেনও দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন, ফলে শুরুতে কিছুটা ছন্দ খুঁজে পেতে সময় লাগতে পারে।
পেস আক্রমণেও রয়েছে নতুনত্ব। 

শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান নেতৃত্ব দেবেন পেস বিভাগে। অভিজ্ঞদের সঙ্গে স্কোয়াডে যুক্ত হয়েছেন নতুন মুখ রিপন মণ্ডল ও আব্দুল গাফফার সাকলাইন। স্পিন বিভাগে দায়িত্ব থাকবে মেহেদী হাসান ও রিশাদ হোসেনের কাঁধে।

অন্যদিকে নিউজিল্যান্ড দলটি আরও বেশি অনভিজ্ঞ। আইপিএল ও পিএসএলের কারণে তাদের অনেক প্রথম সারির ক্রিকেটার এই সফরে নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে কেবল ইশ সোধিই আছেন এই দলে। অধিনায়ক মিচেল স্যান্টনারসহ সাতজন নিয়মিত ক্রিকেটার অনুপস্থিত।

ব্যাটিংয়ে অভিজ্ঞতা বলতে আছেন টম ল্যাথাম। তবে ডিন ফক্সক্রফট, নিক কেলি ও ন্যাথান স্মিথ ওয়ানডে সিরিজে ভালো করায় তাদের ওপরই ভরসা থাকবে কিউইদের। বিশেষ করে ফক্সক্রফটের বড় শট খেলার ক্ষমতা টি-টোয়েন্টিতে বড় ভূমিকা রাখতে পারে। সুপার স্ম্যাশে দারুণ পারফরম্যান্স করে আসা ক্যাটিন ক্লার্ককেও নজরে রাখতে হবে।

এই ম্যাচে আলোচনার কেন্দ্রে থাকবেন লিটন দাস ও ডিন ফক্সক্রফট। দীর্ঘদিন পর ওয়ানডেতে ফিফটি পাওয়া লিটন চাইবেন সেই ফর্ম টি-টোয়েন্টিতেও ধরে রাখতে। অন্যদিকে ওয়ানডের শেষ ম্যাচে ৭টি ছক্কায় ৭৫ রান করা ফক্সক্রফট ইতিমধ্যেই নিজের সামর্থ্যরে জানান দিয়েছেন।

চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক। এখানে দিনের ম্যাচে গড় প্রথম ইনিংস স্কোর প্রায় ১৬৩। ২০২৫ সালের পর থেকে এখানে ব্যাটিং প্রথম ও দ্বিতীয়- দুদলই সমানভাবে ম্যাচ জিতেছে। ফলে টস বড় কোনো ফ্যাক্টর নাও হতে পারে। সিরিজের প্রথম ম্যাচটি হতে যাচ্ছে সমান সম্ভাবনার লড়াই। 

নতুন করে পথচলা শুরু করা বাংলাদেশ এবং অনভিজ্ঞ কিন্তু ক্ষুধার্ত নিউজিল্যান্ড- দুদলই চাইবে জয় দিয়ে সূচনা করতে। মাঠের লড়াই তাই শুধু স্কোরবোর্ডে সীমাবদ্ধ থাকবে না, বরং ভবিষ্যতের দল গঠনের ভিত্তিও গড়ে দেবে এই ম্যাচ।

/কেএইচও


  বিষয়:   টি-টোয়েন্টি  লিটন  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: